
সদ্য পাস হওয়া সন্ত্রাসবিরোধী আইনটি পরস্পরবিরোধী এবং ভুলে ভরা। এটি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। এ আইন তৈরির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল, সংসদেও পাস করা হয়েছে খুব দ্রুততম সময়ে। যাঁরা এ আইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, এ ক্ষেত্রে তাঁদের অবহেলার বহিঃপ্রকাশ ঘটেছে। আবার আইনটি বিভ্রান্তিকর হওয়ার কারণে এর প্রয়োগের ক্ষেত্রেও দেখা দেবে নানা ধরনের জটিলতা। অনেকে এর হয়রানির শিকার হতে পারেন।
সন্ত্রাসবিরোধী আইন ও নাগরিক অধিকারবিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। গতকাল রোববার বিকেলে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহা. নূরুল হুদা, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
৩ জুন জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক কার্যসূচি হিসেবে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০১৩ সংসদে উত্থাপন করা হয়। এরপর মাত্র আট দিনের ব্যবধানে সংসদীয় কমিটিতে পরীক্ষার পর তড়িঘড়ি করে ১১ জুন বিলটি পাস করা হয়। অভিযোগ রয়েছে, আইনটি পর্যালোচনার সময় বিভিন্ন মহল থেকে নানা ধরনের আপত্তি আসে। কিন্তু এসব আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। আইন পাসের সময় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।
আইন তৈরির প্রক্রিয়া: আলী ইমাম মজুমদার বলেন, আইনটি তৈরির ক্ষেত্রে অযথা অনেক তাড়াহুড়া করা হয়েছে। আরও যাচাই-বাছাই করা উচিত ছিল। এ ধরনের জটিল আইন তৈরির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষাটা বড় ব্যাপার।
শরীফ ভূঁইয়া বলেন, আইনটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিকে মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। যে পদ্ধতিতে করা হয়েছে, সেটাও স্বচ্ছ নয়। আইনে নয়টি চুক্তি নয়, এমন আন্তর্জাতিক সমঝোতা (কনভেনশন) ও নিরাপত্তা পরিষদের দুটি প্রস্তাব সংযুক্ত করা হয়েছে। অথচ সাংসদেরা এসব প্রস্তাব ও সমঝোতা সম্পর্কে কোনো কিছুই জানেন না। তাঁদের কাছে এ আইন পাসের সময় এসব উপস্থাপনও করা হয়নি। অথচ এসব আন্তর্জাতিক কনভেনশন দেশীয় আইনে যুক্ত হয়ে গেল। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আন্তর্জাতিক কনভেনশনে সই করা মানেই এটি বাস্তবায়নের বিষয়ে একটি দেশের বাধ্যবাধকতা চলে আসে। তাহলে সে বিষয়টি আইনে যুক্ত করার কী প্রয়োজন? কিন্তু সেটাই করা হয়েছে। আর কোনো দেশ এ ধরনের আইন করেনি।
মিজানুর রহমান খান বলেন, নয়টি আন্তর্জাতিক কনভেনশন যুক্ত করে দিয়ে কমিটিকে যাচাই-বাছাই করার জন্য সংসদীয় কমিটিকে মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। কনভেনশনগুলোর কোনো কপিও সাংসদদের সামনে উপস্থাপন করা হয়নি। তাঁরা জানেন না, সেই সমঝোতায় কী আছে আর কী নেই। আবার আইনটির মূল খসড়া হয়েছিল ইংরেজিতে। কিন্তু সংসদে তা উপস্থাপন না করে বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়েছে। এসব লুকিয়ে রাখা হয়েছিল। এতে করে যেমন ভুল অনুবাদ হয়েছে, তেমনি বক্তব্য হয়েছে পরস্পরবিরোধী। একটি কথার সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এভাবে আইন তৈরির অদক্ষতার কারণে এর যেমন অপব্যবহার হবে, তেমনি মানুষের ভোগান্তিও বাড়বে।
শরীফ ভূঁইয়া বলেন, সন্ত্রাসের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো সংজ্ঞা নেই। সন্ত্রাসবিরোধী আইন আগে যে অবস্থায় ছিল, সেখানে সন্ত্রাসের সংজ্ঞাটি পরিষ্কার করে বলা হয়েছিল। এখন পুরো বিষয়টি এমন বিভ্রান্তিকর হয়েছে যে, কোনো কিছুই পরিষ্কার নয়। এ রকম সংশোধনীর আদৌ প্রয়োজন ছিল কি না, সেটা ভেবে দেখা দরকার।
অপপ্রয়োগ: সন্ত্রাসবিরোধী আইনের অপপ্রয়োগের ব্যাপারে আলী ইমাম মজুমদার বলেন, এ আইনে দুই ধরনের লোক ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি হলো রাজনৈতিকভাবে যারা দুর্বল আর দ্বিতীয়টি হলো অর্থনৈতিকভাবে যারা দুর্বল। আইনটি এমনভাবে করা হয়েছে, যাতে অপপ্রয়োগের অনেক সুযোগ থেকে গেছে।
নূরুল হুদা বলেন, অপপ্রয়োগের সুযোগ সব আইনেই আছে। সব আইনেরই অপপ্রয়োগ করা যায়। এ জন্য জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার। সন্ত্রাসবিরোধী আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সে জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
শরীফ ভূঁইয়া বলেন, এর আগে নারী নির্যাতন আইনের প্রচুর অপপ্রয়োগ হয়েছে। এই আইনেও নারী নির্যাতনের মতো অনেক অপপ্রয়োগের সুযোগ রাখা হয়েছে। তা ছাড়া এই আইনটি সাক্ষ্য আইনকে পাশ কাটিয়ে করা হয়েছে। এটা ঠিক হয়নি।
ফেসবুক-টুইটার প্রসঙ্গ: মুনির হাসান বলেন, ফেসবুক-টুইটারের প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি আইনেও বিধান আছে। সেখানে এ-সংক্রান্ত মামলার কারা তদন্ত করবেন, সেই তদন্তকারীর একটি মানদণ্ড রাখা হয়েছে। কিন্তু এ আইনে এ ধরনের কোনো কিছু রাখা হয়নি। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত কোনো ফরেনসিক ল্যাবরেটরি নেই। এখন কেউ যদি অন্যের ফেসবুক আইডি হ্যাক করে কোনো অপরাধ করে, তাহলে তা ধরার বা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই।
মিজানুর রহমান খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনটি অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক। তথ্যপ্রযুক্তি আইনে এ ধরনের অপরাধ করলে সাজা ১০ বছর। কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে সেই সাজা ১৪ বছর।
আলী ইমাম মজুমদার বলেন, বিজ্ঞান প্রসারের সঙ্গে সঙ্গে সাক্ষ্য আইনের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। সাক্ষ্য আইনে এসব যুক্ত করা যেতে পারে।
নূরুল হুদা বলেন, প্রযুক্তির সুবিধা নিতে হবে। আইনটি হতে হবে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে। না হলে এমন কিছু বিষয় সামনে চলে আসবে, যা নিয়ন্ত্রণ করা জটিল হয়ে যাবে।
পুলিশের ক্ষমতা: আলী ইমাম মজুমদার বলেন, এর আগে কিছু আইন ছিল, যা প্রয়োগের সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার বিধান ছিল। পরে এসব বিধান তুলে দেওয়া হয়। কিন্তু এ ধরনের বিধান থাকলে তাতে একটা ভারসাম্য থাকে। না হলে আইনের সঠিক প্রয়োগ হয় না।
নূরুল হুদা বলেন, সন্ত্রাসবিরোধী আইনসহ যেকোনো আইনে ভারসাম্যটা খুব জরুরি। এ জন্য প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ সেই আইনের অপপ্রয়োগের শিকার না হয়।
প্রয়োজনীয়তা: নূরুল হুদা বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মতো কঠোর আইনের প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশে অনেক মানুষ আছে, যারা বাংলাদেশের মূলনীতিতে বিশ্বাস করে না। তাদের বিচারের ক্ষেত্রে কী হবে। সমাজে অনেক বিষয় আছে, যা মানুষ জানে না। কিন্তু বিচারের ক্ষেত্রে এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে।
আলী ইমাম মজুমদার বলেন, এটা তো নতুন কোনো আইন না। ২০০৯ সালে এটি হয়েছে। এখন সংশোধন করা হলো। কিছু বিষয় এ আইনে নতুন করে যুক্ত করা হলো। কিন্তু আইনটি প্রণয়নে খুব তাড়াহুড়া করা হয়েছে, যা ঠিক হয়নি। পাসের আগে আইনটি নিয়ে আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন ছিল।