আইনপ্রণেতাদের ভূমিকা সীমিত 'হ্যাঁ-না'তেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা। এই আইন প্রণয়নের ক্ষেত্রে ‘হ্যাঁ-না’তেই সীমিত থাকছে আইনপ্রণেতা তথা সাংসদদের ভূমিকা। হাতে গোনা কয়েকজন সদস্য ছাড়া কারও কোনো ভূমিকা নেই।

সংসদের সংরক্ষিত নারী আসনসহ সাংসদ ৩৫০ জন। এর মধ্যে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ৪০ জন। ২০১৭ সালের আইন প্রণয়ন কার্যাবলি বিশ্লেষণ করে দেখা গেছে, ঘুরেফিরে মাত্র নয়জন সদস্য বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে বিলের ওপর আলোচনা করেছেন। এর মধ্যে দুজন স্বতন্ত্র সাংসদ, অন্যরা বিরোধী দলের সদস্য। সরকারি দলের কোনো সদস্য নোটিশ দেননি। এই নয়জন ছাড়া অন্যরা বিভিন্ন পর্যায়ে একাধিকবার ‘হ্যাঁ-না’ ভোট দিয়েই দায়িত্ব শেষ করেছেন।

গত এক বছরের আইন প্রণয়ন কার্যাবলি বিশ্লেষণ করে দেখা যায়, ২১টি বিলে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন নয়জন সদস্য। তাঁরা ৮৪ বার আলোচনায় অংশ নেন। যাঁরা এসব প্রস্তাব দিয়েছিলেন, তাঁদের সাতজন জাতীয় পার্টির সদস্য। তাঁরা হলেন ফখরুল ইমাম (১৫টি বিলে), নূরুল ইসলাম (১৪টি বিলে), নূরুল ইসলাম (১৩টিতে), রওশন আরা মান্নান (১৩টিতে), সেলিম উদ্দীন (১১টিতে), নূর ই হাসনা লিলি চৌধুরী (৬টিতে), কাজী ফিরোজ রশীদ (৫টিতে)। আর স্বতন্ত্র সাংসদ মো. আবদুল মতিন ৫টি ও রুস্তম আলী ফরাজী দুটি বিলে প্রস্তাব দিয়েছিলেন।

সংসদবিষয়ক গবেষকেরা বলছেন, সরকারি দলের সদস্যদের বিলের ওপর নোটিশ বা সংশোধনী দিতে বাধা নেই। কিন্তু প্রথা হয়ে গেছে যে সরকারি দলের সদস্যরা বিলের ওপর নোটিশ দেবেন না।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ (দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিলের বিধান) এ ক্ষেত্রে বাধা নয়। জরুরি হলে হুইপরা দু-একটি সংশোধনী আনেন। তাঁর মতে, মূলত নোটিশ আনার কথা বিরোধী দলের। এখন সংসদে কার্যকর বিরোধী দল নেই। সংসদীয় কমিটিতে বিল নিয়ে আলোচনা হয়। এ জন্য অধিবেশনে বিলের আলোচনা কম হয়।

এখন সংসদীয় কমিটিতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বিল নিয়ে আলোচনা করেন। দেখা গেছে, তাতেও বেশির ভাগ সময় কমিটির ১০ সদস্যের সবাই অংশ নেন না। বিলে খুব একটা পরিবর্তনও আসে না। স্থায়ী কমিটি প্রতিবেদন দেওয়ার পর মন্ত্রী সংসদে বিলটি বিবেচনার জন্য গ্রহণের প্রস্তাব করেন। এ পর্যায়েও বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করার সুযোগ আছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রী একটি বিবৃতি দেন। মন্ত্রীর বক্তব্যের পর প্রস্তাব গ্রহণ বা নাকচের জন্য আবার ‘হ্যাঁ-না’ ভোটে অংশ নেন সাংসদেরা। গত এক বছরে মাত্র নয়জন সাংসদ এ ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও সংসদ অধিবেশন নিয়ে গবেষণা পরিচালনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদের কাঠামোই এমন হয়ে গেছে যেন আইন প্রণয়ন অনেকটা একদলীয় বিষয়। এর থেকে উত্তরণের উপায় হলো, রাজনৈতিক দলগুলোর ভেতর গণতান্ত্রিক চর্চা বাড়ানো।

আইনজ্ঞরা বলছেন, মন্ত্রিসভায় একটি আইনের খসড়া অনুমোদন হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রী তা জাতীয় সংসদে তোলেন। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিল সংসদে তোলার পর মন্ত্রী ইচ্ছা করলে তা জনমত যাচাই-বাছাই কমিটি বা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করতে পারেন। তবে সাধারণত বিল পরীক্ষার জন্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন মন্ত্রীরা। এর পরিপ্রেক্ষিতে সাংসদেরা ‘হ্যাঁ-না’ ভোট দেন।

পাস হওয়ার আগে বিলের কোনো দফা সংশোধন করা প্রয়োজন মনে করলে দফাওয়ারি সংশোধনী নোটিশ দিতে পারেন সাংসদেরা। আলোচনার পর সংশ্লিষ্ট মন্ত্রী চাইলে সংশোধনী গ্রহণ করতে পারেন। এ পর্যায়ে আবারও ‘হ্যাঁ-না’ ভোট হয়। গত বছর মাত্র ছয়জনকে দফাওয়ারি সংশোধনী প্রস্তাব দিতে দেখা গেছে। জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তির পর আবারও ‘হ্যাঁ-না’ ভোটে বিলটি পাস হয়।

জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সংসদে বিল উত্থাপনের সময়ও বিরোধী দল আপত্তি দেয়। এরপর সংসদীয় কমিটিতে বিল নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে বিলটি যখন আবার সংসদে আসে, তখন বিরোধী দল সংশোধনী আনছে। অনেক ক্ষেত্রে সংশোধনী গ্রহণও করা হচ্ছে। তিনি বলেন, আইনে বলা আছে, শুধু এই কারণেই এমন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা নয়। বিরোধী দলের কথাও শুনতে ও জবাব দিতে হচ্ছে। স্পিকার বলেন, সরকারি দলের সদস্যরাও চাইলে সংশোধনী আনতে পারেন। অনেক ক্ষেত্রে তাঁরা তা এনেও থাকেন।

২০১৭ সালে দশম জাতীয় সংসদের ৫টি অধিবেশনে ২৪টি বিল পাস হয়। এর মধ্যে বাজেট-সংশ্লিষ্ট তিনটি বিল বাদে ২১টি বিল পাসের প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় পার্টির ৫ জন এবং ১ জন স্বতন্ত্র সদস্য দফাওয়ারি সংশোধনী প্রস্তাব এনেছিলেন। ৫০টির বেশি সংশোধনী প্রস্তাবের মধ্যে ৪টি গৃহীত হয়েছিল।

সবচেয়ে বেশি দফাওয়ারি সংশোধনী নোটিশ এনেছিলেন জাতীয় পার্টির ফখরুল ইমাম। তাঁর ১৪টি বিলে সংশোধনী প্রস্তাবের মধ্যে দুটি গৃহীত হয়। জাতীয় পার্টির সেলিম উদ্দীনের ১১টি বিলে সংশোধনী প্রস্তাবের মধ্যে একটি গৃহীত হয়। এ ছাড়া নূরুল ইসলাম ওমর ৯টি, রওশন আরা মান্নান ৭টি, স্বতন্ত্র সাংসদ আবদুল মতিন ৫টি বিলে সংশোধনী দিয়েছিলেন। এগুলোর সব কটি নাকচ হয়। আর কাজী ফিরোজ রশীদের ৪টি সংশোধনী প্রস্তাবের একটি গৃহীত হয়।

জানতে চাইলে ফখরুল ইমাম প্রথম আলোকে বলেন, আইন প্রণয়নের কাজ একটি নীরস বিষয়। এটা নিয়ে অনেক চিন্তা ও পর্যালোচনা করতে হয়। যে কারণে হয়তো অনেকের এ বিষয়ে আগ্রহ নেই।

পর্যালোচনায় দেখা গেছে, বাধা না থাকলেও সরকারি দলের সদস্যরা বিলের ওপর নোটিশ দেন না। আর কার্যকর বিরোধী দল না থাকায় আইন প্রণয়নের বিষয়টি সরকারের অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান প্রথম আলোকে বলেন, সংসদ এখন একেবারেই অকেজো। ফলে আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এখন হয়ে গেছে সবচেয়ে সহজ কাজ। তিনি বলেন, ব্রিটেনে নিম্নকক্ষ বা ভারতে লোকসভায়ও আইন পাস করতে অনেক আলোচনা হয়, সময় নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সাংসদেরা বিষয়টি গভীরভাবে নেন না। কার্যকর আলোচনা ছাড়া তাই গুরুত্বপূর্ণ আইন পাস হয়ে যায়।