আইনবহির্ভূত বিচার শাস্তিযোগ্য অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে বেত্রাঘাত করা বা দোররা মারা, কারও চুল কেটে দেওয়া, কাউকে জুতা মারা, মৃতদেহ সৎকারে বাধা দেওয়া কিংবা কাউকে তওবা করানো ইত্যাদি দণ্ডবিধি ও দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আইনবহির্ভূতভাবে কেউ এ ধরনের বিচার করলে তিনি যেমন শাস্তি পাবেন, তেমনি কেউ এ ধরনের ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপরাধে সহায়তাকারী হিসেবে দায়ী হবেন। গতকাল রোববার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ কথা জানানো হয়। সবাইকে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলা হয়, বিচারবহির্ভূত বেআইনি বাধা দণ্ডবিধির ধারা ৩৪১-এর অধীন অপরাধ, চুল কেটে দেওয়া বা জুতা মারা দণ্ডবিধির ধারা ৩৫৪-এর অধীন অপরাধ এবং বেআইনি আটক দণ্ডবিধির ধারা ৩৪২-এর অধীন অপরাধ। তওবা করতে বাধ্য করা এবং গ্রাম থেকে বহিষ্কার করাও দণ্ডবিধির ধারা ৫০৮-এর অধীন অপরাধ। তা ছাড়া মৃতদেহ সৎকারে বাধাদান দণ্ডবিধির ধারা ২৯৫-এর অধীন অপরাধ। মৌখিক তালাক বৈধ ঘোষণা করা এবং ওই তালাক কার্যকর করা মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর ধারা ৭(২)-এর অধীন একটি অপরাধ। এ ছাড়া সমগ্র দেশে নারী এবং পুরুষকে বেত্রাঘাত (দোররা মারা) ও প্রহারের মতো বিচারবহির্ভূত শাস্তি দেওয়া হচ্ছে, যা প্রকৃতি অনুসারে দণ্ডবিধির ধারা ৩২৩ ও ৩২৬-এর অধীন অপরাধ। কোনো নারীকে হিল্লা বিয়েতে বাধ্য করা দণ্ডবিধির ধারা ৫০৮-এর অধীন একটি অপরাধ। দেশের বিভিন্ন স্থানে আইনবহির্ভূত বিচার ও শাস্তি প্রদান সম্পর্কে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০১০ সালের ৮ জুলাই এবং ২০১১ সালের ২ ফেব্রুয়ারি তারিখের রায়ের আলোকে বাংলাদেশের আইন অনুসারে সুপ্রিম কোর্ট, ফৌজদারি কার্যবিধির অধীন প্রতিষ্ঠিত আদালত এবং বিশেষ আইনের অধীন গঠিত কোনো আদালতই কেবল কোনো অপরাধের বিচার করতে পারে।