আইনবহির্ভূত হত্যা হলেই ব্যবস্থা: আইনমন্ত্রী
আইনবহির্ভূত হত্যা বা অত্যাচার; যেটাই হোক না কেন, সরকারের নজরে আনা হলে শক্ত হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইনবহির্ভূত হত্যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি বড় প্রতিবন্ধকতা। গতকাল শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার কমিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক আরও বলেন, সারা পৃথিবী আইলানের বিষয়ে সোচ্চার হলেও মিয়ানমারে মুসলিম সংখ্যালঘুদের হত্যা নিয়ে কেউ কথা বলছে না। তবে বাংলাদেশ এ বিষয়ে তার উদ্বেগের কথা মিয়ানমারকে জানিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টি এমন নয়। সীমিত সম্পদের কারণে যাদের আশ্রয় না দিলে কোনো গতি থাকছে না, তাদের দেওয়া হচ্ছে।
আনিসুল হক বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা দুটি আলোচনা করতে গিয়ে আমরা মূল আইন থেকে দূরে সরে যাচ্ছি। আইনে কিন্তু বলা আছে, অভিভাবকের সম্মতি ও আদালতের নির্দেশ ব্যতীত ১৮-এর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বর্তমান সমাজ ও গ্রামের অবস্থার নিরিখে বিশেষ পরিস্থিতির সমাধানে এই বিশেষ ধারা রাখা হয়েছে।’
আনিসুল হক আরও বলেন, একটা ধারণা আছে ৫৭ ধারা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়। এটা যাতে না হয় সে জন্য ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে। বৈষম্য বিলোপ আইনটিও দ্রুত পাস করা হবে।
সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। তিনি বলেন, হৃদয়ে মানবতা সৃষ্টি করতে না পারলে সমাজে বা রাষ্ট্রে মানবতার প্রতিষ্ঠা সম্ভব নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এদেশীয় উপপ্রতিনিধি নিক ব্রেসফোর্ড, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের চেয়ারপারসন কাজী রিয়াজুল হক প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে মানবাধিকার কমিশনের নেতৃত্বে একটি শোভাযাত্রা টিএসসি থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। এ ছাড়া বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।