জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন (পুনর্বিবেচনার আবেদন) করা যাবে কি না তা নিয়ে সরকারের মধ্য থেকে দুই ধরনের মত পাওয়া গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিভিউ আবেদনের যে সুযোগ নেই, তা এই মুহূর্তে বলা যাবে না। পূর্ণাঙ্গ রায়ের কপি পেলে বিষয়টি বোঝা যাবে। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একটি বিশেষ আইনের অধীনে এই রায় হয়েছে। এখানে রিভিউয়ের কোনো সুযোগ নেই। তবে পূর্ণাঙ্গ কপি পেলে সবকিছু পরিষ্কার হবে। গতকাল বুধবার সাংবাদিকেরা জানতে চাইলে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল এই মত দেন।
তবে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে। এর আগে আরেক জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে এটা করা হয়েছিল। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই তাঁরা আবেদন করবেন।
রায় হওয়ার পর আইনমন্ত্রী গুলশানে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি রায় মেনে নিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার জামায়াতের সঙ্গে কোনো আপস করেনি। রায় নিয়ে কোনো সমঝোতাও হয়নি। যারা এসব বলছে ও সন্দেহ করছে তাদের বক্তব্য অমূলক, ভিত্তিহীন ও দুঃখজনক।
নিজ বাসায় আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি একজন ব্যক্তি। আমি এই মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম। কিন্তু তা না হওয়ায় আমি মর্মাহত। সেটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি শুনেছি তিনি (সাঈদী) শান্তি কমিটির সদস্য ছিলেন সেই বিষয়ে তাঁকে খালাস দেওয়া হয়েছে। যিনি সচেতনভাবে শান্তি কমিটির সদস্য ছিলেন, তিনি তো সচেতনভাবেই স্বাধীনতার বিরোধী ছিলেন।’ তিনি বলেন, রায়ের কপি না পাওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করতে চাই না। তবে প্রসিকিউশনের যে অবস্থা তাতে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে সাঈদীর মুখোশ খুলে গেছে। তিনি ধর্মীয় নেতা নন বরং এখন থেকে তিনি নারী নির্যাতনকারী ও ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হবেন। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা পূরণ হয়নি।