আইনমন্ত্রী বললেন ’৯৬-এর মামলা সক্রিয় করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি কোনো বাধা নেই। সংশ্লিষ্টরা চাইলে স্থগিত হয়ে থাকা এসব মামলা পুনরায় সক্রিয় করতে পারে।গতকাল রোববার সচিবালয়ে সুইডেনের রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল কেনির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।পৃথক এক অনুষ্ঠানে শেয়ারবাজার ধসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার বিকেলে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় মওদুদ আহমদ অভিযোগ করেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের নয় হাজার কোটি টাকা বাজার থেকে লুট হয়ে গেছে। যারা এই কাজটি করেছে, তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ‘সরকারকে বলব, নিরপেক্ষ কমিটি করে তদন্ত করুন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’অর্থমন্ত্রী ভুল স্বীকার করায় তাঁকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অর্থমন্ত্রী সত্য বলার জন্য তাঁকে ধন্যবাদ। তবে নৈতিক কারণে অর্থমন্ত্রীসহ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত।’আলোচনা সভায় বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। এদিকে গণতান্ত্রিক ও প্রগতিশীল যুব সংগঠনের নেতারা পুঁজিবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তাঁরা ১৯৯৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন।