আইনমন্ত্রীকে মুখ সামলে কথা বলতে বলেছেন ধর্মভিত্তিক দলের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদকে মুখ সামলে কথা বলতে বলেছেন ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে ধর্মভিত্তিক বিভিন্ন দলের নেতারা এ হুঁশিয়ারি দেন। তাঁরা আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আহ্বান জানান।সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের অধিকাংশই ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, আইম্মা পরিষদের নেতারাও এতে বক্তব্য দেন।জামায়াতের সঙ্গে ধর্মভিত্তিক অন্য দলগুলোর আকিদাগত নানা বিরোধ রয়েছে। এ দলগুলোর নেতারা বিভিন্ন সময়ে জামায়াতকে ‘ইসলামের পক্ষের শক্তি নয়’ বলেও বক্তব্য, মন্তব্য করেছেন। এর মধ্যে কট্টর জামায়াতবিরোধী হিসেবে পরিচিত খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও গতকাল জামায়াতের নেতাদের পাশাপাশি বক্তব্য দেন।গতকালের সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান বলেন, মানুষ রক্ত দিয়ে হলেও আইনমন্ত্রীর ঘোষণা প্রতিহত করবে। সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন, ইসলামের নামে রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান বলেন, এ দেশে যতদিন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামি রাজনীতি থাকবে। কেউ এটা বন্ধ করতে পারবে না।আইম্মা পরিষদের নেতা মাওলানা মহিউদ্দিন রব্বানী আইনমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আইনমন্ত্রী, মুখ সামলে কথা বলবেন।’প্রসঙ্গত, সম্প্রতি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতে দেওয়া হবে না।এর পর থেকে ধর্মভিত্তিক দলের নেতারা অভিযোগ করে আসছেন, আইনমন্ত্রী ধর্মভিত্তিক দল নিষিদ্ধের কথা বলেছেন।