আইনমন্ত্রীর পক্ষে সাফাই গাইলেন কামরুল
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের পক্ষে সাফাই গাইলেন সাবেক আইন প্রতিমন্ত্রী ও বর্তমান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আইনমন্ত্রী জামায়াতের বিচার নিয়ে যে ব্যাখা দিয়েছেন, তা সঠিক আইনের ব্যাখা।’
আজ রোববার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে ‘এশিয়ান জার্নালিস্ট, হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)’ আয়োজিত এক আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকে জামায়াতের বিচার নিয়ে অনেকে অনেক কথা বলেন। বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আইনের যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা সঠিক ব্যাখ্যা। ঠিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার হবে। সময় বলে দেবে কোন কাজটা কোন সময়ে করতে হবে। অতি বিপ্লবী বা অতি উত্সাহী হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।’
গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করা আপাতত সম্ভব নয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে আইনমন্ত্রী তিনটি কারণ উল্লেখ করেন।
প্রথমত, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ সংগঠনের শাস্তির বিধান নেই।
দ্বিতীয়ত, জামায়াতের নিবন্ধনের ব্যাপারে একটি মামলা ইতিমধ্যে আপিল বিভাগে আছে। এর মধ্যে ট্রাইব্যুনালের আইনে কোনো অভিযোগ আনা হলে ওই মামলায় কোনো প্রভাব পড়বে কি না, তা দেখতে হবে। এই পর্যায়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, প্রভাব পড়বে। এখন অন্যান্য পারিপার্শ্বিক দিক বিবেচনা করে এগিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে সময় লাগবে।’
তৃতীয়ত, অন্যান্য আইনে বলা আছে, যদি কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা কোম্পানি অপরাধ করে, তবে ওই সংগঠন বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বা নিয়ন্ত্রককে দায়দায়িত্ব নিতে হবে এবং দায়ী কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে। জামায়াতের যেসব নেতা মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের ইতিমধ্যে বিচারের আওতায় আনা হয়েছে। সে ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো তাঁদের আবার শাস্তি হলে তা আগের শাস্তির সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, তা বিবেচনা করতে হবে।
আজ কামরুল ইসলাম আরও বলেন, ‘জামায়াত কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করে এ বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কোনো বাধা ও প্রতিবন্ধকতা সফল হয়নি আমাদের দৃঢ়তার কাছে। আমরা এ বিচারকে এগিয়ে নিয়ে গেছি। আজকে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।’
গণজাগরণ মঞ্চের সমর্থকেরা সরকারকে ভুল বুঝছে দাবি করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘আমি গণজাগরণ মঞ্চের লোকদের স্যালুট জানাই। তারা সঠিক সময়ে একটি আন্দোলন সৃষ্টি করেছে। তবে, তারা সরকারকে ভুল বুঝছে। সরকার জামায়াতের সঙ্গে কোনো রকম আঁঁতাত করেনি। আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে চাই। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমি এ সময়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সাবেক এই আইন প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁর মতো বেয়াদব ও অর্বাচীন বালক নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’