হাইকোর্টে নিয়োগ পাওয়া কিন্তু শপথ নিতে বাকি দুই অতিরিক্ত বিচারকের ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সমিতির সভাপতির কক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত এ আইনজীবী বলেন, ‘আইনমন্ত্রী দুজন বিচারপতির শপথ নেওয়ার কথা বলেছেন। এতে আমরা ক্ষুব্ধ ও আতঙ্কিত। তাঁদের শপথ পড়ানো হলে শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নয়, সারা দেশের আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।’ মন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘ওই দুজনকে শপথ করানোর জন্য প্রধান বিচারপতিকে বাধ্য করবেন না।’ খন্দকার মাহবুব প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সাবধান করে দেন।প্রশ্নের জবাবে তিনি রুহুল কুদ্দুসের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ থাকার কথা তুলে বলেন, ‘বিচারের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এটি নজিরবিহীন।’ তিনি বলেন, যদি আত্মসম্মান থাকে তাহলে তাঁরা নিজেরাই বলবেন যে তাঁরা শপথ নেবেন না।সমিতি সভাপতি আরও বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকেরা সমিতির নেতৃত্বে থাকায় বিএনপির সরকারের আমলে নিয়োগ পাওয়া ১৯ জন বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়নি। কিন্তু আমরা তা করিনি।’বিচারক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের ২০০৮ সালের নির্দেশনা ও আপিল বিভাগের ২০০৯ সালের নীতিমালা যাতে অনুসরণ করা হয় সে দাবি করে সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা, বিএনপির নেতা জয়নুল আবদিন, সহসম্পাদক মোর্শেদ আল মামুন ও গাজী কামরুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।