জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী মাহফুজা খানমের নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা ছিল না বলে অভিযোগ করেছে মানবাধিকার ফোরাম বাংলাদেশ। গতকাল সোমবার এক বিবৃতিতে এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত মানবাধিকার ফোরাম।মানবাধিকার ফোরামের আহ্বায়ক সুলতানা কামালের সই করা গণমাধ্যমে পাঠানো বিবৃতি বলা হয়, সংসদের স্পিকারের নেতৃত্বে একটি বাছাই কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়। এই কমিটি কমিশনের বর্তমান চেয়ারম্যান ও পাঁচ সদস্যকে পুনর্বহাল এবং অপর সদস্য অধ্যাপক নিরু কুমার চাকমার স্থলে আইনমন্ত্রীর স্ত্রী মাহফুজা খানমকে নিয়োগ দেয়। মানবাধিকার ফোরাম মনে করে, এই নিয়োগ-প্রক্রিয়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর বিধি মোতাবেক হয়নি। পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে আইনমন্ত্রীর স্ত্রীকে নিয়োগদান এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মানবাধিকার কমিশনে সদস্য নিয়োগের ক্ষেত্রে এরূপ পারিবারিক ও রাজনৈতিক বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।