রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে পাবনা ও কুষ্টিয়া অঞ্চলের লোকজন বালু উত্তোলন করায় মাদকসেবী ও অবৈধ অস্ত্রধারী লোকজনের আনাগোনা বেড়েছে। গত সোমবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন তথ্য উত্থাপন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সভার প্রধান অতিথি ও কমিটির উপদেষ্টা সাংসদ জিল্লুল হাকিম। সভায় সাংসদ বলেন, পদ্মা নদী থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পাবনা, কুষ্টিয়া ও রাজবাড়ীর সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসির সমন্বয়ে সভা করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, থানার ওসি মো. মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল দত্ত প্রমুখ বক্তব্য দেন।