আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসির বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা দেওয়াসহ জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে ওসি আবুল বাশারের উপস্থিতিতে সভায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়।জেলার আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন বলেন, ১২ মার্চ দিবাগত রাত ১২টার দিকে পৌরসভা ও শিল্পকলার সামনে তিনিসহ শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি তিনি ওসি আবুল বাশারকে মুঠোফোনে জানান। কিন্তু ওসি ঘটনাস্থলে কোনো পুলিশ পাঠাননি। পরে তাঁরা আতঙ্ক নিয়ে রাত একটার দিকে বাড়ি ফেরেন। পরদিন ১৩ মার্চ সকালে ওসি মিথ্যার আশ্রয় নিয়ে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মতিন ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিনসহ আরও কয়েকজন সদস্য অভিযোগ করেন, জেলা শহরের বিভিন্ন স্থানে ওসি আবুল হোসেনের পৃষ্ঠপোষকতায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের রমরমা ব্যবসা চলছে। তাঁরা আরও বলেন, জেলায় নম্বরপ্লেটবিহীন অবৈধ মোটরসাইকেল ব্যাপক হারে বেড়েছে। মোটরসাইকেলের হেলমেটের ভেতরও ইয়াবা রাখা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। একই সঙ্গে খুন ও চুরি-ডাকাতিও বেড়েছে। নৌপথেও চলছে অরাজকতা।অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।যোগাযোগ করা হলে ওসি আবুল বাশার গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা বলার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।জেলা প্রশাসক আজিজুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হক, আইনজীবী অজয় চক্রবর্তী, শাহ আলম মল্লিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার প্রমুখ। জেলা প্রশাসক মো. আজিজুল আলম জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং যাঁরা আন্তরিকতার সঙ্গে সঠিকভাবে কাজ করছেন, তাঁদের ধন্যবাদ জানান।