আইনশৃঙ্খলা কমিটির সভায় থাকতে কবরীর অপারগতা প্রকাশ
আজ বুধবার অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সারাহ্ বেগম কবরী। গতকাল মঙ্গলবার তিনি এ চিঠি দেন।চিঠিতে সাংসদ কবরী বলেছেন, গত ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে সাবেক সাংসদ শামীম ওসমান তাঁকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে নিজের আসন ছেড়ে তাঁর দিকে তেড়ে আসেন। সাংসদ কবরী জেলা প্রশাসকের উদ্দেশে লিখেছেন, এ ঘটনায় জেলা প্রশাসক কী ব্যবস্থা নিয়েছেন তা তিনি তাঁকে (কবরী) জানাননি। এ কারণে ২০ জুলাইয়ের (আজ) সভায় তিনি উপস্থিত থাকতে পারছেন না। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, ‘আমি ঢাকায়। সাংসদ কবরীর চিঠি এখনো আমি দেখেনি। চিঠিটি দেখে পরে মন্তব্য করব।’