ভোলায় দিনের পর দিন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলেও তা পাত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। বেলা সাড়ে ১১টায় জেলা বিচারিক হাকিমের কার্যালয় মিলনায়তনে সভা চলাকালে তাঁরা এ অভিযোগ করেন।জেলা প্রশাসক সভার শুরুতে ফেব্রুয়ারি মাসের অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরেন। এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে একটি দস্যুতা, চারটি সিঁদেল চুরি, একটি চুরি, দুটি খুন, পাঁচটি মাদক, ছয়টি ধর্ষণ, নয়টি নারী নির্যাতন, একটি পুলিশ অ্যাসোল্ডসহ ১১২টি মামলা সংঘটিত হয়েছে, যা জানুয়ারি মাসের থেকে ১৯টি কম। জানুয়ারিতে ১৩১টি মামলা হয়েছে। কিন্তু উপস্থিত সদস্যরা তাঁদের অভিযোগে জানান, অপরাধের চিত্রটি এর উল্টো। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকিমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বলেন, মুন্সিগঞ্জে যে নৌ-দুর্ঘটনা ঘটেছে, তার জন্য সরকারসহ বিভিন্ন জেলার প্রশাসন দায়ী। কারণ, গত তিন-চার দিন ভোলাসহ অন্যান্য জেলা থেকে লঞ্চ ছাড়তে দেওয়া হয়নি। এ কারণে যাত্রীরা গাদাগাদি করে গন্তব্যে গেছেন। এ লঞ্চ বন্ধের কোনো লিখিত আদেশ ছিল না। এটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ ইচ্ছায় করেছে। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো জবাবদিহি নেই। প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, ভোলার শিক্ষকেরা স্কুল রেখে এখন কোচিং ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। একজন শিক্ষক একসঙ্গে ১৫০-২০০ জন ছাত্র পড়ান। এটি বন্ধ হওয়া উচিত। জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির জেলা সভাপতি নূর ইসলাম বলেন, জলদস্যুরা বহালতবিয়তে জেলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও প্রভাবশালীদের মধ্যে বসবাস করছে এবং এই প্রভাবশালীরাই অবৈধ জাল দিয়ে ছোট ছোট রেণু-পোনা-জাটকা নিধন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর অপরাধীরা কীভাবে জেনে যায় তাও বন্ধ করা দরকার। ভোলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন বলেন, গ্রামে বিদ্যুৎ থাকে না। কিন্তু তারা সার্ভিস চার্জ, মিটার চার্জ ও ডিমান্ড চার্জের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান তাঁর অভিযোগে বলেন, ভোলা সদর হাসপাতালে কোনো চিকিৎসক নেই। কিন্তু হাসপাতাল, থানায়, আদালতে দালালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লালমোহন উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম বলেন, ভোলায় একের পর এক ধর্ষণ-নারী নির্যাতন হচ্ছে। হাসপাতালগুলোতে চিকিৎসকেরা হত্যা ও ধর্ষণের সঠিক প্রতিবেদন দিচ্ছেন না। টাকার বিনিময়ে ধর্ষণ হচ্ছে মেয়েলি রোগ। হত্যা হচ্ছে আত্মহত্যা। পুলিশ প্রকৃত আসামিকে বাদ রেখে নিরীহ লোকদের আসামি করছে। অভিযোগের জবাবে জেলা প্রশাসক আবদুল হাকিম, জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মাহফুজুর রহমান, কোস্টগার্ডের জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা বলেন, জলদস্যুতা, তেল পাচার, নদী-সন্ত্রাস প্রতিরোধসহ এসিড-সন্ত্রাস, এসিড লাইসেন্স, ইটের ভাটার লাইসেন্স, ভ্রাম্যমাণ আদালত, মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয় হবে।