আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ভূমিকায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলন কক্ষে ওই সভা হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘ডিসি, এসপি, র‌্যাব, পুলিশ ও বিডিআর অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে। গত ২২ মাসে কোনো ধরনের অস্ত্র উদ্ধার না হওয়ায় যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রের প্রদর্শনী করে ক্যাডাররা। এ অবস্থায় শত শত অবৈধ অস্ত্রের কথা মনে এলে রাতে নিরাপদে ঘুমাতে পারি না।’চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার বলেন, এত অস্ত্র প্রদর্শন করা হলো, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই গ্রেপ্তার করতে পারল না। অবিলম্বে অস্ত্রবাজদের গ্রেপ্তার করতে হবে।কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক বলেন, ‘অস্ত্রবাজির সময়ে পুলিশ ও অস্ত্র কাছাকাছি ছিল। পুলিশ কেন ওই সময় অস্ত্রধারীদের ধরল না, এমনকি পায়ে গুলি করল না?’জবাবে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অস্ত্র প্রদর্শনের ঘটনা দেশে নতুন কোনো ঘটনা নয়। অস্ত্র প্রদর্শনীর সময় অস্ত্রধারীরা স্থির অবস্থানে দাঁড়িয়ে ছিল না। অস্ত্রবাজির সময় ঘটনাস্থল এবং তার আশপাশে প্রচুর লোক ছিল। এ ধরনের পরিস্থিতিতে গুলি করা যায় না। ঘটনার দিন অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যদের সবাইকে দোকানের ভেতর ঢুকে পড়তে বলেছি। কোনো অস্ত্রধারী কাউকে মারলে তার জবাবদিহি নেই। কিন্তু কোনো পুলিশ গুলি করলে তাঁকে প্রতিনিয়ত জবাবদিহি করতে হয়। সেই দিনের বাস্তব পরিস্থিতিতে কাউকে গ্রেপ্তার করার সুযোগ ছিল না। ওই ঘটনা নিয়ে আমার ওপর যথেষ্ট চাপ রয়েছে।’ পুলিশ সুপার আরও বলেন, ‘আমাদের তৎপরতা আছে। যেহেতু পারছি না, তাই যাবতীয় সমালোচনা মেনে নিচ্ছি। গত দেড় বছর আমার প্রতি আপনারা আস্থা রেখেছেন। এবারও আস্থা রাখেন। এখন অস্ত্রধারীদের সামনে পেলেই আমরা গুলি করে ফেলে দেব।’১৭ আসামিকে আজ রিমান্ডে নেওয়া হবে: পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ১৭ আসামিকে আজ বুধবার এক দিনের রিমান্ডে নেওয়া হবে। কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহ্জাহান কবির গতকাল বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলন চলাকালে শহরের কান্দিরপাড়ে পুলিশের চারজন সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন।