আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশে নিষেধাজ্ঞা, সাংবাদিকদের ক্ষোভ
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের নিষিদ্ধ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান। গতকাল বুধবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। এতে স্থানীয় সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হওয়ার আগে জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। কিন্তু কোনো কারণ উল্লেখ না করে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়, সেখানে তাঁরা থাকতে পারবেন না। প্রশাসন থেকে বলা হয়, এখন থেকে সাংবাদিকেরা শুধু সভার ছবি তুলতে পারবেন। এরপর তাঁদের সভাস্থল ত্যাগ করতে হবে। সভার সিদ্ধান্ত বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অঙ্গসংগঠন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসকের ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার তথ্য অধিকারের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। অবাধ তথ্যপ্রবাহের জন্য সরকার যেখানে তথ্য অধিকার আইন পাস করেছে, সেখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন উল্টো পথে চলছেন। তাঁরা বলেন, দেশের সব জেলাতেই আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকেরা সশরীরে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন। তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের এ সিদ্ধান্ত তাঁদের উদ্বিগ্ন করে তুলেছে।আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন ব্যক্তি বলেন, সভায় জেলার পাঁচ সাংসদের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন।সভায় যানজট নিরসন, মাদক ও ব্যাটারিচালিত অটোরিকশা (ইজি বাইক) নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ গোলাম দস্তগীর গাজী, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান (তিনি সাংবাদিক হিসেবে নয়, কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন), আওয়ামী লীগের নেতা মো. শহীদুল্লাহ, মাহফুজুর রহমান, আবদুল হাই, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন প্রমুখ।সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তিনি সাংবাদিকদের উপস্থিতির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।গত ১৮ জুন জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক পরিবহন কমিটির সভায় ডিসি-এসপির সামনেই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীকে মারতে তেড়ে যান আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। ওই দৃশ্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অনেকে মনে করেন, এ রকম অপ্রীতিকর ঘটনা আবারও ঘটলে যাতে সাংবাদিকেরা জানতে না পারেন, সে জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে জেলা আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য সাংবাদিকদের বলেন, এ সভা রাষ্ট্রীয় কোনো গোপন সভা নয় যে এতে উপস্থিত থাকলে রাষ্ট্রের গোপন তথ্য প্রকাশ হয়ে পড়বে।