আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতি জেলায় 'কোর' কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সহিংসতা মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি জেলায় উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।

জেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি ও জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটির নাম দেওয়া হয়েছে কোর কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার এই কমিটি গঠন করে। এই কমিটি পরিস্থিতি মোকাবিলায় যেকোনো ধরনের পদক্ষেপ নেবে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা কোর কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বড় ধরনের নাশকতা ও সহিংসতা মোকাবিলায় বিদ্যমান ‘জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’কে সহযোগিতা করবে কোর কমিটি। নাশকতা প্রতিরোধ কমিটির আকার বড় হওয়ায় সহজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু কোর কমিটি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত কোর কমিটির সদস্য হিসেবে থাকছেন পুলিশ সুপার, বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার বা কমান্ডিং অফিসার, কোস্টগার্ডের ইউনিট কমান্ডার (উপকূলবর্তী জেলার ক্ষেত্রে), র‌্যাবের কমান্ডার, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট এবং এনএসআইয়ের উপপরিচালক। কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

এই কমিটি আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ করবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। কমিটি বিদ্যমান ‘জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’কে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেবে। জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে কোর কমিটি জেলার আইনশৃঙ্খলা-সংক্রান্ত সার্বিক অবস্থা পর্যালোচনা করবে এবং প্রয়োজনে সভা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এ বিষয়ে কার্যবলি সমন্বয়ের কার্যকর ব্যবস্থা নেবে।