সদ্য যোগদান করা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চেয়েছেন। গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, ‘আমি কিছু নিতে আসিনি। চট্টগ্রামকে দিতে এসেছি। আমাকে সবাই একটু সহযোগিতা করুন। চলুন সবাই কাজ শুরু করে দিই।’
সভায় যানজটের বিষয়টি বেশ গুরুত্ব পায়। রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে উঠতে যানজটের কারণে আধঘণ্টা সময় লেগেছে। অথচ হেঁটে উঠলে পাঁচ মিনিটের বেশি লাগত না। এ কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন সভায় পৌঁছাতে দেরি হয়ে যায়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মুমিনুর রশিদ, বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা।