আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলবাজ, উত্ত্যক্তকারী ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী ব্যক্তিদের পাশাপাশি যাঁরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তাঁদের অবহেলার জন্যও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অপরাধীদের ব্যাপারেও খোঁজখবর নিতে শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় গত ১৫ দিনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাবধান করে বলা হয়, যদি তাদের থানাসংশ্লিষ্ট এলাকায় কোনো টেন্ডারবাজির ঘটনা ঘটে, তাহলে তাঁদেরই জবাবদিহি করতে হবে। জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, যারা অপরাধ করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় অবশ্যই আনা হবে, সে যত প্রভাবশালীই হোক না কেন। সচিব বলেন, উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজসহ সব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।