স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আড়াই বছর আগের চেয়ে ভালো। আড়াই বছর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল খারাপ। গতকাল শনিবার কুমিল্লার কোটবাড়িতে আটক করা মাদকদ্রব্য ধ্বংস ও গণসচেতনতা সৃষ্টি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য ধ্বংসের আগে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উঠতি বয়সের তরুণ-তরুণী ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে সমাজকে ধ্বংস করছে। ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলা শেখাতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মুহাম্মদ রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আক্তারুজ্জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ও ডিজিএফআই কুমিল্লার কর্নেল মাহবুব। স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেন পাচারের নানা কৌশল: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল কুমিল্লায় বিজিবির মাঠে প্রদর্শিত বিভিন্ন সময় মাদকদ্রব্য আটকের দৃশ্য দেখেন। তাঁকে দেখানো হয় বালিশ ও তোষকের ভেতরে গাঁজা রাখার পদ্ধতি, মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, নদী থেকে বড়শি দিয়ে ফেনসিডিলের বোতল ওঠানো, বোরকা পরে মহিলাদের শরীরে ফেনসিডিল বাঁধা, টুপির ভেতরে হেরোইন, মিষ্টিকুমড়ার ভেতরে ফেনসিডিল, স্কুলব্যাগে ফেনসিডিল ও বাঁশের চোঙার ভেতরে গাঁজা ঢুকিয়ে পাচারের দৃশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী এসব দেখে হতবাক হন। হবিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারযোগে মাধবপুরের তেলিপাড়ায় পৌঁছান। তিনি সেখানে বিজিবির সীমান্ত ফাঁড়ি ও পর্যবেক্ষণ চৌকি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিজিবি সদস্যদের কড়া নজরধারীর মাধ্যমে সীমান্তকে সুরক্ষা ও অবৈধ চোরাচালান বন্ধের আহ্বান জানান। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন চৌধুরী, সরাইল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ আবজালুল আবেদীন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান ও পুলিশ সুপার কামরুল আমিন উপস্থিত ছিলেন।