আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে দেশজুড়ে চলা সহিংসতা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত এ বৈঠকে সময়মতো আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শ্রমমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা হাজির ছিলেন। তবে বৈঠকের সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসেন প্রায় ৫২ মিনিট পর। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা, তা বিছিন্ন ঘটনা। আপনারা প্রত্যক্ষ করেছেন, গত দুই দিনে সরকার সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।’ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মূল ইন্ধনদাতা গোলাম আযমের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পর পর দুই দিন হরতাল পালন করেন। সহিংসতায় মারা যায় শিশুসহ নয়জন। সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক গাড়িতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভাঙচুর চালান ও আগুন ধরিয়ে দেন। পুলিশের ওপর হামলা হয় অন্তত দুটি জেলায়। সাতক্ষীরায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এদিকে শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড সম্পর্কে আজও কোনো অগ্রগতির তথ্য দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের ৫ এপ্রিল ঘাটাইলে রাস্তার ধারে আমিনুলের মরদেহ পাওয়া যায়। আমিনুলের হত্যাকাণ্ড নিয়ে সরকার নানা প্রশ্নের মুখে পড়ে কিছুদিন আগে হত্যাকারীদের ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, ‘শ্রমিকনেতা আমিনুলের হত্যাকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন আমরা আশা করছি, কিছু কিছু তদন্তের উপকরণ পাব এবং হত্যাকারীদের ধরতে সক্ষম হব। এ ঘটনায় কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছিল। সেগুলো তুলে নেওয়া হয়েছে।’ উলফা নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে নিতে ভারতীয় প্রতিনিধিদল আসছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ-সম্পর্কিত কোনো তথ্য তাঁর জানা নেই। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ১৮ জুলাই স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগেই অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হবে, এ-সম্পর্কিত প্রতিবেদন ছাপা হয়। অনুপ চেটিয়া ১৬ বছর ধরে বাংলাদেশের কারাগারে আছেন। গত মে মাসে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানান। ১৯৯৭ সালে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।