আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে যৌথ অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জ ও সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন। এ ছাড়াও তিনি ভিডিও কনফারেন্সে মুন্সিগঞ্জ, মাদারীপুর, হবিগঞ্জের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য এবং ঢাকা ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যে জেলা যে সম্পদের জন্য প্রসিদ্ধ, তা মানুষের উন্নয়নকাজে লাগিয়ে প্রত্যেক জেলাকে স্বনির্ভর ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তিনি বলেন, কোনো আবাদি জমি চাষের বাইরে থাকবে না । মানুষকে ক্ষুদ্র ও মাঝারি বিশেষ করে খাদ্যপ্রক্রিয়াজাতকরণ শিল্পস্থাপনে সহায়তা দিতে হবে । নারীরা এখনো অবহেলিত । এ জন্য তাদের শিক্ষা ও আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
শেখ হাসিনা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে কালবৈশাখীর পর মানুষের প্রয়োজনে দ্রুত এগিয়ে আসতে কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি নদীভাঙনে বাস্তুচ্যুতদের তালিকা তৈরি করে সরকারি খাস জমিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেন।
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের বিগত তিন মাসের অস্থির রাজনীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে এবং আমরা বিভিন্ন খাতে আমাদের দৃশ্যমান সাফল্যের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রশংসা অর্জন করছি ।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বেশ কয়েকজন সচিব এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন। বাসস