আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে সরকারের সব কার্যক্রম ম্লান হয়ে যাবে।
এরশাদ আজ বুধবার বিকেলে তাঁর বনানী কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। ওই একই সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রয়াত নাসিম ওসমানের স্মৃতি ধরে রাখা এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য উপনির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করার আহ্বান জানান।
সভার শুরুতে সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় আসন্ন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী উপনির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আসনটি ধরে রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, নাসিম ওসমান নারায়ণগঞ্জে সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের বড় ভাই। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের যে আসনটি শূন্য হয়, সেটির সম্ভাব্য প্রার্থী নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।
এই আসন থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিউর রাব্বিও। রফিউর রাব্বির ছেলে ত্বকী হত্যাকাণ্ডে নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সম্পৃক্ত ছিল বলে জবানবন্দি দিয়েছেন ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি সুলতান শওকত ওরফে ভ্রমর। আজমেরি পুলিশের খাতায় পলাতক হলেও গত ২ তারিখ নাসিম ওসমানের জানাজায় উপস্থিত ছিলেন।