আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবা প্রতিরোধ করতে পারছে না। ইয়াবা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজন। বিবিসি বাংলাদেশ সংলাপের একাধিক আলোচক ও দর্শক এই মত ব্যক্ত করেছেন। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের ৩৭তম পর্ব অনুষ্ঠিত হয়। বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।ইয়াবার বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিচ্ছে—এ প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঘোড়দৌড় বন্ধ করে দেন। কিন্তু ১৯৭৫ সালের পর সেই সোহরাওয়ার্দী উদ্যানে লাকী খানের নাচ হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার মাদক নিয়ন্ত্রণে চেষ্টা করছে। কিন্তু মাদক ও অস্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১০ ট্রাক অস্ত্র কীভাবে এসেছে?বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু ক্রমাগতভাবে ইয়াবার ব্যবহার বাড়ছে, সেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে ধরে নিতে হবে। মাদক বা ইয়াবা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি কৃষিমন্ত্রীকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘গত চার বছরে আপনার সরকার (আওয়ামী লীগ) কত মদের লাইসেন্স দিয়েছে, তা নিশ্চয়ই আপনার জানা আছে?’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ বলেন, ইয়াবা প্রতিরোধে যথেষ্ট পরিমাণে গণসচেতনতা ও প্রতিরোধ দরকার। রাজনৈতিক দলের সদস্য, পুলিশের সদস্য মাদক বণ্টনের সঙ্গে জড়িত।আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, ইয়াবা প্রতিরোধে করতে এটি আসার পথগুলো বন্ধ করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে।নির্বাচনকালীন সরকার: আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, প্রধান দুই রাজনৈতিক দল কি আলোচনা করে তা ঠিক করতে পারবে—সংলাপে এ প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘আলোচনার দরজা সব সময় খোলা, তবে তা হতে হবে সংবিধান মেনে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছিল, তখন তা আদালতের নির্দেশে বা সংসদে হয়নি। সেটা ছিল ‘ডকট্রিন অব নেসেসিটি’। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তখন যেমন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এখনো রাজনৈতিক ঐকমত্য দরকার। আওয়ামী লীগ বিচারপতি কে এম হাসানের অধীনে নির্বাচনে যায়নি, তারা কীভাবে আশা করে, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাওয়া সম্ভব?মামুন আহমেদ বলেন, সমঝোতার জন্য প্রধানত সরকারকে ভূমিকা নিতে হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে মানুষের মনে উদ্বেগ আছে। নূর খান বলেন, সংসদ বা সংসদের বাইরে যেখানেই হোক, দুই দলের মধ্যে আলোচনা দরকার।বিবিসি বাংলাদেশ সংলাপে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তার প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়। সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।