আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দম্ভ দেখানো সহজ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে ক্ষমতার দম্ভ দেখানো সহজ। কিন্তু জনগণের ‘ন্যায়সংগত’ আন্দোলনকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়া রাজনৈতিকভাবে মোকাবিলা করা তার চেয়ে অনেক কঠিন।

আজ শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ২৯ ডিসেম্বরের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে সরকারি ঘোষণা ও বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ ১৮ দল।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার কতিপয় সদস্য ও আওয়ামী নেতারা কর্মসূচিটিকে বন্ধ করার জন্য যেভাবে ধমকের সুরে কথা বলছেন তাতে তাঁদের ঔদ্ধত্যপূর্ণ দাম্ভিকতা, সীমাহীন আস্ফাালন, অগণতান্ত্রিক আচরণ জাতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় প্রশাসনকে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে যৌথ বাহিনী দিয়ে রাজধানীসহ সারা দেশে বিরোধী দল নিধনে সাঁড়াশি অভিযানের নামে বিরোধী নেতা-কর্মী ছাড়াও তাদের পরিবার-পরিজনকে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে।’

‘মার্চ ফর ডেমোক্রেসি’ যেকোনো উপায়ে বন্ধ করতে সরকারের ‘একগুঁয়ে আচরণকে’ ন্যক্কারজনক আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ।

‘সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে নৃশংসতা চালানো হচ্ছে’ মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মনে হয় আমরা যেন এক মগের মুল্লুুকে বাস করছি। ক্ষমতালোভী বর্তমান সরকার ক্ষমতার সীমারেখা অতিক্রম করে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করতে সারা দেশে বিভীষিকাময় এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। শুধু তা-ই নয়, নির্বাচন কমিশন কর্তৃক বৈধ আগ্নেয়াস্ত্র জমাদানের সিদ্ধান্তকে উপেক্ষা করে সরকার বৈধ অস্ত্র জমাদান নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে গোটা জাতিকে এক ভীতিকর অবস্থার মধ্যে নিক্ষেপ করেছে। এ ধরনের ঘোষণা এটাই প্রমাণ করে যে, বিরোধী দল ও জনগণকে দমনে সরকার দলীয় বাহিনীর অস্ত্রের শক্তি বলবত্ রাখল, এতে করে বোঝা যায় জনগণের শক্তির ওপর তাদের কোনো আস্থা নেই।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, গতকাল রাতে ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শামিম পারভেজের স্ত্রী ও দুই সন্তান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসানের বড় ভাইয়ের স্ত্রী ও দুই কন্যাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে ‘মিথ্যা মামলা’ করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ চার শতাধিক নেতা-কর্মীর নামে। তিনি এসব মামলা প্রত্যাহার ও আটক নেতাদের ছেড়ে দেওয়ার দাবি জানান।