আইনশৃঙ্খলা বাহিনী সীমা লঙ্ঘন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘সীমা লঙ্ঘন’ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, আন্দোলন করা রাজনৈতিক নাগরিক অধিকার। সেই অধিকার সংবিধান নিশ্চিত করেছে। সেই অধিকার স্তব্ধ করে দেওয়ার জন্য অযাচিত ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে না। সেটি মানবাধিকারের লঙ্ঘন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। না জেনে থাকলে তাদের জানা দরকার যে তারা এখানে সীমা লঙ্ঘন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার ওপর বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী মঞ্চ কর্তৃক গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’র প্রতিবেদন দাখিলের পর এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রতিবেদনটি দেওয়া হয়। সঙ্গে একটি সিডিও দেওয়া হয়। কমিটির সদস্য আরিফ রেজা মাহমুদ জানান, ওখানে একধরনের প্রাতিষ্ঠানিক সহিংসতা ঘটেছে। অজ্ঞাতনামা দিয়ে মামলা হয়েছে। এ অবস্থায় অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। একটি ট্রুথ কমিশন গঠন করে পুরো বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার সুপারিশ তুলে ধরেন তিনি।
পরে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পর ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছি। উল্লেখ করেছি, গণমাধ্যমে যাদের ছবি ছাপা হয়েছে, যারা অস্ত্র উঁচিয়ে ধরে গুলি করেছে, তাতে আইন লঙ্ঘিত হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কাকে আটক করা হয়েছে, তা কমিশনকে জানানো হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো ওই পত্রের উত্তর দেয়নি। প্রতিশ্রুতি দিচ্ছি, আবার চিঠি দেব। যাদের অস্ত্র হাতে দেখেছি, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা জানতে।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, যাঁরা ঘটনা ঘটিয়েছেন, তাঁদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে হবে। জামায়াত-শিবির করেছে বলে অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। তিনি মনে করেন, যাঁরা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রয়োজন।
কমিটির সদস্যরা জানান, ওই প্রতিবেদন ৪০ পৃষ্ঠার। ৪ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটির সদস্যসংখ্যা ছিল আট।
হাইকোর্টে রিট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলি চালানোর বৈধতা নিয়ে গতকাল মঙ্গলবার একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ ১৪ জন বিশিষ্ট নাগরিক রিট আবেদনকারী।
আবেদনকারীদের কৌঁসুলি জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে ১১ ফেব্রুয়ারি আইনি নোটিশ পাঠানো হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে কারণ জানাতে বলা হয়। কিন্তু এখনো জবাব না আসায় মঙ্গলবার রিটটি করা হয়। রিটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলিবর্ষণ কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও মতিহার থানার ওসিকে বিবাদী করা হয়েছে।