আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) পরবর্তী চার ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার পুলিশ, র্যা ব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এই নির্দেশ দেয়।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
বৈঠক সূত্র বলেছে, বৈঠকে র্যা বের প্রধান নির্বাচনে সহিংসতা ও প্রাণহানি এড়াতে কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরামর্শ দেন। তিনি বলেন, মন্ত্রী-সাংসদদের প্রভাব না থাকলে এবং রাজনৈতিক দল, তাদের প্রার্থী ও নেতা-কর্মীরা সহনশীল আচরণ করলে নির্বাচনের মাঠে সহিংসতা কমে যাবে। এই পরামর্শের পরিপ্রেক্ষিতে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম কোনো মন্তব্য করেননি।
সূত্র বলেছে, বৈঠকে প্রথম দুই ধাপের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে সহিংসতা কীভাবে কমানো যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকে সিইসি, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কোস্টগার্ডের মহাপরিচালক আওরঙ্গজেব চৌধুরী অংশ নেন।
বৈঠকে সিইসি বলেন, ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা, ভোটের দিন কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়গুলো কঠোর হাতে দমন করতে হবে।
বৈঠক সূত্র বলেছে, বাহিনীগুলোর প্রধানেরা পরবর্তী ধাপের নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে আন্তরিক থাকবেন বলে কমিশনকে আশ্বস্ত করেন।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচন সব সময় ঝামেলাপূর্ণ। আগেও সহিংসতা হয়েছে। এটা এড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণহানি-সম্পর্কিত প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন বলেন, জান-মাল রক্ষা ও সরকারি কাজে বাধা দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে স্বাভাবিক উল্লেখ করে সিইসি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নজিরবিহীন নয়। সব সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।