আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারে স্বস্তিতে ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ভয় থাকলেও এখন স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করায় ভোটারদের মধ্যে এ স্বস্তি এসেছে। ফলে শেষ মুহূর্তে নির্বাচনও জমে উঠেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে দ্বিতীয় দফা ইউপি নির্বাচন কাল বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। এ উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রমনা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮টি গুলি ছোড়ে পুলিশ। সে কারণে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছিল। কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তাঁদের ভয় কেটে যাচ্ছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল মঙ্গলবার দেখা যায়, র্যা ব, বিজিবি ও পুলিশ গাড়ি নিয়ে টহল দিচ্ছে। গ্রামীণ সড়কের মোড়ে মোড়ে ছোট ছোট চা দোকানে, বাজারে মানুষ নির্বাচন নিয়ে আলোচনা করছে। রানীগঞ্জ চৌমোহনী এলাকায় চা দোকানে বসে কথা হয় সেকেন্দার আলী নামের এক ভোটারের সঙ্গে। এ সময় তিনি বলেন, ‘কয়দিন আগত ভয় নাগছিল ভোটত কি বেন হয়। এ্যালা মানষের ভয় কাটি গেইছে। প্রশাসনের লোকজন দেখে না খালি ঘুড়বার নাগছে।’
থানাহাট ইউনিয়নে দেখা হয় মো. আলী, বাসেদ ও বক্করের সঙ্গে। তাঁরা বলেন, ‘ভোট জমি গেইছে। এদোন অবস্থা থাকলে নৌকা-ধানের শীষ হাড্ডাহাড্ডি লড়াই হইবে।’
দুপুরে উপজেলা সদরে দেখা যায়, অধিকাংশ জায়গায় আলাপ হচ্ছে শুধু ভোট নিয়ে। শিক্ষক নাজমুল হুদা, নজরুল ইসলাম, সরকারি কর্মচারী লাল মিয়া জানান, বর্তমান পরিস্থিতি ভালো। প্রথমবার দলীয় প্রতীকে ভোট হওয়ায় মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার শিরীন বলেন, বিভিন্ন ইউনিয়নে সরকারদলীয় লোকজন বিএনপির প্রার্থী ও ভোটারদের হুমকি দিচ্ছেন। কিন্তু তিন দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করায় ভোটারদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম মোল্লা বলেন, একটু সমস্যা থাকলেও সবাই এখন নির্বাচনমুখী হয়েছে।