আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে দৃশ্যমান করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে শেষ হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি। পুড়ে যাওয়া ঘরের সামনে কান্নায় ভেঙে পড়েন নন্দ রানী
ছবি: মঈনুল ইসলাম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগ ও পূর্বপ্রস্তুতির দাবি থাকা সত্ত্বেও দুর্গোৎসবে হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে তাদের দুর্বলতা ও সক্ষমতার অভাবকে দৃশ্যমান করে তুলেছে বলে দাবি করেছে নাগরিক জোট সিএসও অ্যালায়েন্স। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সব ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে জোট।

হিন্দু সম্প্রদায়ের মণ্ডপ, মন্দির ও ঘর-বাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বৃহস্পতিবার এই বিবৃতি দিয়েছে সিএসও অ্যালায়েন্স। ২৭টি নাগরিক সংগঠনের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ ঘটনাগুলোর পরম্পরায় এটা স্পষ্ট যে, কিছু চিহ্নিত উগ্র ধর্মান্ধ গোষ্ঠী সুকৌশলে ধর্মকে পুঁজি করে এ ঘটনাগুলো ঘটিয়ে চলছে। আমরা চাই অতিসত্বর ধর্ম ব্যবসায়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করা হোক।’

বিবৃতিদাতাদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল, সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক রাশেদা কে চৌধুরী, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির, ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আলম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বেলার নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান, সিপিডির ফাহমিদা খাতুন, ওয়াটারএইডরে আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, স্বাবলম্বী নেত্রকোনার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারপারসন মোরশেদ সরকার, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এহসানুর রহমান, এফএনবির চেয়ারপারসন জাকির হোসেন, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন এস এন কৈরী, এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ চৌধুরী, এসকেএস গাইবান্ধার নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন, সুশীলন গাইবান্ধার নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান ও বিওয়াইএলসির নির্বাহী পরিচালক ইজাজ আহমেদ রয়েছেন।

১৮ জেলায় সহিংসতায় ৭ জন নিহত, আহত ২৭৪ জন: আসক
কুমিল্লার নানুয়ারদীঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ধর্মীয় উসকানি দিয়ে হামলা-ভাঙচুরের ঘটনার জেরে ১৮ জেলায় ৭ জন নিহত ও ২৭৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। সংস্থাটি জানায়, এতে হিন্দু সম্প্রদায়ের একজনকে পিটিয়ে হত্যা ও আরেকজনের লাশ উদ্ধারসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মুসলিম সম্প্রদায়ের ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আইন ও সালিস কেন্দ্র (আসক) সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল ফরিদ। তিনি বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন।

প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৭২টি। বাড়িঘরে ৭৭টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ৪১টি হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ২৫টি পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট।

হামলা প্রতিরোধ, হিন্দু ধর্মাবলম্বী ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াসহ ছয় দফা সুপারিশ করেছে আসক।