আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা জন কেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে, তা প্রশংসনীয় বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ডিসি সফর করেন। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ওই সফর সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করেন তিনি।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন। আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, তা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় অনেকটা স্তিমিত হয়ে এসেছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সন্ত্রাস মোকাবিলায় যেকোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলেও জন কেরি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে গণতন্ত্রে সন্ত্রাস বা চরমপন্থার কোনো সুযোগ নেই। কেরিও বলেন, আমেরিকা জঙ্গিবাদ সমর্থন করে না।’
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে জানিয়েছেন, এ ধরনের আসামিকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার ব্যাপারটি জটিল। রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ আইনি পথে এগোচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। মাহমুদ আলী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
গতকালের সভায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) আইন, ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সামরিক শাসনামলে জারি করা বিদ্যমান অধ্যাদেশটি আরও সময়োপযোগী ও কার্যকর করতে প্রণীত এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এ আইনে সমবায়ের কর্মকাণ্ড আইনগত কাঠামোর আওতায় আনতে বিদ্যমান অধ্যাদেশে সংশোধনী আনা হয়। ১৯৮২ সালের এই অধ্যাদেশ ২০১০ সালে উচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে যায়।