বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণেই মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ফলে সাভারের আমিনবাজারে ছয় ছাত্র ও কোম্পানীগঞ্জে গণপিটুনিতে মিলন হত্যার মতো ঘটনাগুলো ঘটছে।তিনি গত বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন পাঠাগারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, সরকার প্রতি মাসেই দেশে নতুন নতুন সমস্যার জন্ম দিয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।মওদুদ আহমদ আরও বলেন, আওয়ামী লীগ বা কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না। অবরোধ, লংমার্চসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুব সহসাই আন্দোলনে যাবে বিএনপি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকেও ঢেলে সাজাতে হবে।তিনি বলেন, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ এই সরকারের পতন চায়। আওয়ামী লীগ সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার। রাস্তাঘাটের বেহাল দশা, শেয়ার কেলেঙ্কারি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিনিয়োগ বন্ধসহ সরকারের নানা দুর্নীতির কারণে সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আওয়ামী লীগের সাংসদরা তাঁদেরই মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছেন, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।