জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, শিশু পরাগ মণ্ডল অপহরণ ও উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। ছিল বিচক্ষণতার অভাবও। এ ঘটনায় একেক বাহিনী একেক কথা বলেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দৈন্য প্রকাশ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী সোসাইটি মাঠে বিশ্ব শিশু দিবস উপলক্ষে জাগো ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে।সমন্বয়হীনতার কারণ কী—সাংবাদিকদের এ প্রশ্ন করলে মিজানুর রহমান বলেন, প্রত্যেক বাহিনীর কিছু স্বার্থ থাকে। কিন্তু বৃহৎ স্বার্থের ক্ষেত্রে যখন এ ধরনের ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখানোর চেষ্টা চলে, তখন এমন সমন্বয়হীনতার সৃষ্টি হয়।‘সবার জন্য মানসম্মত শিক্ষা’—এ স্লোগান সামনে রেখে জাগো ফাউন্ডেশন ঢাকাসহ ২১টি জেলায় প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। পথশিশুরা যাতে ১৫ নভেম্বর দিনটি আনন্দের সঙ্গে কাটাতে পারে, সে লক্ষ্যেই দরিদ্র ও অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এ সংস্থার এমন আয়োজন। তারই অংশ হিসেবে বনানী সোসাইটি মাঠে পথশিশুদের জন্য ছিল দিনব্যাপী নানা আয়োজন। সকালে সংস্থাটির স্বেচ্ছাসেবক কর্মীরা পথশিশুদের মাঠে নিয়ে আসে। খাওয়া-দাওয়া, বিভিন্ন ধরনের মজার খেলা প্রভৃতিতে অংশ নিয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। দেওয়া হয় স্বাস্থ্যসেবাও। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।বিশেষ অতিথির বক্তব্যে ট্রান্সকম ফুডের কার্যনির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘একটি দেশের জন্য যুবশক্তির গুরুত্ব অনেক বেশি। জাগো ফাউন্ডেশন এ যুবশক্তিকে একসঙ্গে আনার যে ভালো উদ্যোগ নিয়েছে, আমি তার প্রশংসা করি।’জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ বলেন, ‘আমরা চতুর্থবারের মতো এ প্রচারণার আয়োজন। সবার সমর্থন ছিল বলেই এটা সম্ভব হয়েছে।’