আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বসবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আবারও বৈঠক করবে নির্বাচন কমিশন। ১৩ এপ্রিল কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বৈঠক হবে।
বৈঠকে পুলিশ, বিজিবি, র্যা ব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও কোস্টগার্ডের প্রধানদের উপস্থিত থাকতে বলা হবে। ইউপি নির্বাচনে প্রাণহানি ও নির্বাচনী অনিয়ম কীভাবে কমানো যায়, কমিশন সে বিষয়ে এসব বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করবে।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল সোমবার এসব তথ্য জানান। গত ৩ মার্চ কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছিল। দুই ধাপের নির্বাচনে সহিংসতায় অন্তত ৩৪ জন নিহত ও আড়াই হাজার লোক আহত হয়েছেন।
বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ আরও কয়েকটি দল অভিযোগ করেছে, নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল ও জাল ভোটের মহোৎসব চলছে।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনী অনিয়মের কারণে এ পর্যন্ত পুলিশের ১১ জন এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ছয়জন ওসি ও একজন পুলিশ সুপারকে কমিশনে ডেকে সতর্ক করা হয়েছে। কারচুপির অভিযোগে বিভিন্ন ইউপির ১০২ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে যাঁদের প্রতীকে ভোট দেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে এবং অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩০ জনকে ৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।