আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে যুবক অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গত মঙ্গলবার শহরের আরজি নওগাঁ মহল্লা থেকে রেজাউল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে। তাঁর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার আমিরপুর গ্রামে।এ ঘটনার পর রেজাউলের স্বজনেরা গত বুধবার সন্ধ্যায় নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রেজাউল আনন্দনগর মহল্লার একটি ভাড়া বাসা থেকে বের হয়ে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এ সময় আরজি নওগাঁ মহল্লার ঈদগা মাঠের কাছে অজ্ঞাত চার যুবক নম্বরবিহীন মাইক্রোবাস থেকে নেমে তাঁকে রিকশা থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী আরজি নওগাঁ মহল্লার বাসিন্দা আয়েজ উদ্দীনসহ কয়েকজন জানান, ওই দিন ভোর থেকে ঈদগা মাঠের ভেতরে একটি মাইক্রোবাস রেখে অজ্ঞাত চার যুবক এলাকায় ঘোরাফেরা করছিল। সকাল ১০টার দিকে তারা এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় অপহূত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অজ্ঞাত ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আরও কয়েকটি সংস্থার সংশ্লিষ্টতা চলে আসে। তবে জেলার পুলিশ বিভাগ থেকে ওই নামে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে আত্রাই ও রানীনগর থানায় ১২টি হত্যা মামলা রয়েছে।অপহূত রেজাউল ইসলামের বড় ভাই আবদুল বারিক জানান, রেজাউলকে অপহরণ করার সংবাদ পেয়ে তিনি ওই দিন বারবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। তবে দুপুর সোয়া একটার দিকে রেজাউল মুঠোফোনে বলে, ‘আমার অবস্থা ভালো নয়, আমি ঢাকার পথে যাচ্ছি। আপনি মাকে বাড়িতে নিয়ে যান, তা না হলে মাকে বাঁচানো যাবে না।’ এর পর থেকে আর তার ফোন খোলা পাওয়া যাচ্ছে না। বিষয়টি রাজশাহীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অধিনায়ককে জানানো হয়েছে এবং তাঁদের সহযোগিতা চাওয়া হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা (অপসো) লে. মাহদিন বলেন, ‘ওই নামের কাউকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়নি।’