আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্বামী-স্ত্রীকে লাঞ্ছনার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত এক দম্পতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের একজন মারধরের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাইপো মোহামঞ্চদ মিন্টুকে আটক করা হলেও তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গতকাল শনিবার দুপুরে আদমজীনগরের সোনামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে র্যাব-১১-এর আদমজীনগর ক্যাম্পে কর্মরত নারী সদস্য মর্জিনা আক্তার ও তাঁর স্বামী আদমজী ইপিজেডে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর কনস্টেবল রায়হান হোসেন সোনামিয়া মার্কেট এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (ঢাকা মেট্টো ল-১৭-৫৮৭০) মর্জিনাকে ধাক্কা দেয়। এতে মর্জিনার পা কেটে রক্ত বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলামের ভাইপো মোহামঞ্চদ মিন্টু। ঘটনার প্রতিবাদ জানালে রায়হানকে মারধর করেন মিন্টু ও তাঁর লোকজন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে এসে রায়হান ও মর্জিনাকে উদ্ধার করে এবং মিন্টুকে আটক করে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর সিরাজুল ইসলাম ও গোলাম হোসেন। তাঁরা আসামী মিন্টুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং মাইক্রোবাস ঘিরে রাখেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত আলী জানান, মিন্টুকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা জানান, দুই পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে গেছে।