আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছেন না হাসিনা আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর নির্দেশনা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের জন্য আমি আবেদন জানিয়েছিলাম। এখন পর্যন্ত সাড়া পাইনি। যত দিন যাচ্ছে, আমার ছেলেমেয়েরা ততই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।’
গতকাল বিকেলে ফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে একটি সংগঠনের নেতারা হাসিনা আহমদকে সহমর্মিতা জানাতে সালাহ উদ্দিন আহমদের গুলশানের বাসায় যান। এ সময় তিনি সাংবাদিকদের ওই হাতাশার কথা জানান। হাসিনা আহমদ বলেন, ‘আমার স্বামী ১৫ দিন ধরে নিখোঁজ। কোথায় আছেন, কীভাবে আছেন, কিছুই জানি না। বহু জায়গায় চেষ্টা করছি, কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছি না।’
এদিকে গতকাল এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বলেন, সালাহ উদ্দিন আহমদকে অপহরণের ১৫ দিন অতিবাহিত হয়েছে। সরকার তাঁর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে।