আইনশৃঙ্খলা বাহিনীরপরিচয়ে তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
রাজশাহী নগরের চণ্ডীপুর এলাকা থেকে সবুজ আলী (২৫) নামের এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ১৮ দিন পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সবুজের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজের বাবা জারজিস আলী বলেন, সবুজের নামে থানায় একটি মামলা আছে। এলাকার আয়েশা আক্তার ববী নামের এক নারী ওই মামলার বাদী। গত ১২ অক্টোবর রাত পৌনে দুইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছয়জন সাদাপোশাকধারী নগরের রায়পাড়া এলাকায় এক আত্মীয়র বাসা থেকে সবুজকে তুলে নিয়ে যান। তাঁদের সঙ্গে আয়েশা আক্তার ও তাঁর মা ছিলেন। ওই দিন থেকে সবুজের খোঁজ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যা বসহ বিভিন্ন সংস্থার কার্যালয়ে খোঁজ নিয়েও সবুজের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি গত বৃহস্পতিবার আয়েশা আক্তার (২৪), তাঁর মা শুকুমনীসহ (৪০) অজ্ঞাতনামা ছয়জনকে আসামি রাজশাহী মহানগর হাকিম আদালতে একটি অপহরণ মামলা করেছেন।
জারজিস আলী বলেন, ‘আমার ছেলেকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাঁকে আদালতে হাজির করে বিচারের মুখোমুখি করা হোক। আর যদি তাঁকে অপহরণ করা হয়, তবে তাঁকে দ্রুত উদ্ধার করা হোক।’
আয়েশা আক্তার গতকাল মুঠোফোনে বলেন, ‘আমার ভাইকে খুনের ঘটনায় সবুজের নামে মামলা করেছি। তাঁর নিখোঁজ হওয়ার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁরা (সবুজের পরিবার) আদালতে অপহরণ মামলা করেছেন কি না তা-ও জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁরা থানায় সবুজ খুঁজতে এসেছিলেন। তাঁর বিষয়ে এখানে কোনো তথ্য নেই।