আইনশৃঙ্খলা রক্ষা বৈঠকের কয়েক ঘণ্টা পর চুরি-ডাকাতি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত শুক্রবার রাত আটটা থেকে এলাকাবাসীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে ঢাকার ধামরাই থানার পুলিশ। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে ধামরাই পৌর এলাকার একটি জুয়েলার্সে চুরি ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।দুর্বৃত্তরা ধামরাই থানা থেকে প্রায় ১৫০ গজ দূরে দক্ষিণপাড়া এলাকায় জয়া জুয়েলার্স থেকে আড়াই ভরি সোনা, ১৩ ভরি রুপা ও সাড়ে পাঁচ হাজার টাকা লুটে নেয়। দোকানের মালিক বংশীবদন সূত্রধর বলেন, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা চালের টিন কেটে দোকানে ঢোকে। এরপর তারা ওই সোনা, রুপা ও টাকা নিয়ে যায়।এদিকে একই রাতে পৌরসভার আইঙ্গন গ্রামে কামাল হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতেরা। কামাল বলেন, রাত দুইটার দিকে তাঁর স্ত্রী প্রকৃতির ডাকে বের হলে ডাকাতেরা অতি সহজেই ঘরে ঢুকে পড়ে। এ সময় তাঁর স্ত্রী চিৎকার দিলে ডাকাতেরা তাঁকে আঘাত করে। আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ডাকাতেরা আড়াই ভরি স্বর্ণালংকার ও পাঁচ-সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।এলাকাবাসীর ভাষ্যমতে, সম্প্রতি ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় রাতেই বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ধামরাই থানার পুলিশ শুক্রবার রাতে দক্ষিণপাড়া এলাকায় সচেতনতামূলক সভা করে। এর কয়েক ঘণ্টা পর ওই এলাকায় হয় চুরি আর পাশের এলাকায় হয় ডাকাতি।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সচেতনতামূলক সভা এবং এর পরে চুরি-ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরি-ডাকাতির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।