আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিতের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতির উন্নতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারহীনতার সংস্কৃতি বন্ধের পাশাপাশি তাদের জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়। কারণ, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যেসব অভিযোগ এসেছে, তার অর্ধেকের বেশি পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এ ক্ষেত্রে কিশোর লিমনের বিরুদ্ধে নির্যাতনের ঘটনাটি অন্যতম। নির্দিষ্ট সময়ান্তে সার্বিক মানবাধিকার-পরিস্থিতি পর্যালোচনার (ইউপিআর) একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তাতেই পরিস্থিতি বর্ণনা করে এ সুপারিশ করা হয়েছে।এই খসড়া প্রতিবেদন নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের ‘ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ’ (ইউপিআর) শীর্ষক দুই দিনের জাতীয় সেমিনার শুরু হয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মানবাধিকার-পরিস্থিতির মানদণ্ডের কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি থাকার কথা স্বীকার করে নেন। সেমিনারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার ও ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বলেন, বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতির কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। সার্বিক মানবাধিকার-পরিস্থিতির উন্নতির স্বার্থেই এসব সমস্যার সমাধান জরুরি।জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০০৬ সাল থেকে ১৯৩ সদস্য দেশের মানবাধিকার-পরিস্থিতির উন্নতি ঘটাতে ইউপিআর-প্রক্রিয়া শুরু হয়। ২০০৯ সালে সদস্যদেশগুলো নিজেদের মানবাধিকার প্রতিবেদন কাউন্সিলে জমা দেয়। এরপর আলোচনা শেষে প্রতিটি দেশের পরিস্থিতির উন্নয়নে কিছু সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যেই এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের প্রণীত প্রতিবেদনটি উত্থাপন করা হচ্ছে অক্টোবরে। এ প্রতিবেদনে বাংলাদেশ প্রথম পর্যায়ে পরিস্থিতির উন্নয়নে যেসব অঙ্গীকার করেছিল, তার অগ্রগতি পর্যালোচনা করা হবে।জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকারকর্মী, উন্নয়ন-সহযোগী, সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে খসড়াটি তৈরি করেছে।প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইনে স্বাক্ষরকারী দেশ হিসেবে সরকারের নাগরিকের নিরাপত্তা ও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আটক ব্যক্তিদের অধিকার সুরক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় কমিশন উদ্বিগ্ন। এ ক্ষেত্রে কাউকে জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়ায় ঘাটতি থাকার প্রবণতা দুর্ভাগ্যজনকভাবে অব্যাহত আছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের ভয় দেখানোর প্রবণতাও বেড়ে চলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল করতে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়।