আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই অধিকাংশ অভিযোগ: মিজানুর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের যত অভিযোগ কমিশনে আসে, তার অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মিজানুর রহমান। তবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান উল্লেখ করেননি তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনক হলেও আমরা এমন একটি সমাজে রয়েছি, যেখানে অপরাধীরও যে মানবাধিকার আছে—এ সত্যটা মানতে চাই না।’
সম্প্রতি পুলিশের গুলিতে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যাওয়া প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এমন পৈশাচিক ও বর্বর আচরণ করা হয়েছে—এটা কোন আইনে গ্রহণযোগ্য, তা জানি না। আমরা মনে করেছি, এটা মানবাধিকারের লঙ্ঘন। সে জন্য আমরা এ কথাটা স্মরণ করিয়ে দিয়েছি।’
পুলিশের ‘চেইন অব কমান্ড’ ভেঙে যাওয়া প্রসঙ্গে আগে নিজের দেওয়া বক্তব্যের সমর্থনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যখন নির্দেশ দেওয়া হয়, আর তা মানা হয় না, তখন যদি বলি, চেইন অব কমান্ড নেই, তাহলে কি অযৌক্তিক বক্তব্য দিলাম?’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
অনুষ্ঠানে ‘জাতীয় মানবাধিকার কমিশন: চাই প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি তুলে ধরেন আসকের কর্মকর্তা আকলিমা ফেরদৌস।
পুলিশের গুলিতে আহত নাফিজ সালাম (৩২) নামের এক ব্যক্তিকে ৬ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান মিজানুর রহমান। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্যের প্রতিবাদ জানায় ডিএমপি। এতে বলা হয়, আহত যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য। একজন জঙ্গি আসামির বক্তব্যের ভিত্তিতে পুলিশ সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এমন মন্তব্য জঙ্গিবাদকে উসকে দেবে।
নাফিজের পরিবারের দাবি, নাফিজ গত ১৭ অক্টোবর বাদ জুমা মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পুলিশ মিছিলটিকে ধাওয়া করে। নাফিজ ভয় পেয়ে দৌড় দেন। পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি চালালে নাফিজ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পুলিশ তখন খুব কাছ থেকে আবারও তাঁকে গুলি করে।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে নাফিজকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য উল্লেখ করা হয়েছে।