লংগদুতে পাহাড়িদের বাড়িতে আগুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন চাকমা প্রধানের
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ করেছেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। তিনি অভিযোগ করেন, পাহাড়িদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি জনগোষ্ঠীর হয়ে কাজ করেছে। অথচ রাষ্ট্রের কোনো বাহিনী কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারে না। তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল রোববার সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (গ্রাম প্রধান) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব অভিযোগ করেন চাকমা সার্কেল প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। সম্মেলনের আয়োজক সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্ক।
দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন দেবাশীষ রায়। অনুষ্ঠানে তিনি বলেন, লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলা হত্যাকাণ্ডের ঘটনা নিন্দনীয়। একই সঙ্গে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও নিন্দনীয়। তিনি বলেন, বলা হচ্ছে লাশ নিয়ে মিছিল করা গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ মিছিল যদি গণতান্ত্রিক অধিকার হয় তাহলে দীঘিনালা ও খাগড়াছড়িতে কেন সেটা থাকবে না?
চাকমা সার্কেল প্রধান বলেন, ১৯৮৯ সালে লংগদু উপজেলা চেয়ারম্যান মো. রশিদ সরকারকে হত্যার পর মিছিল থেকে এভাবে বাড়িঘর পুড়িয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। পুরো বাংলাদেশের মানুষ বিষয়টি জানে অথচ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি কেন জানা থাকবে না? সরকার যদি বারবার পাহাড়িদের রক্ষায় ব্যর্থ হয় তাহলে নিজেদের জান-মাল রক্ষায় পাহাড়িরা আত্মরক্ষার ব্যবস্থা নিতে বাধ্য হবে।
অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (সন্তু) লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ দুর্বিষহ জীবন পার করছে। তাদের দিন কাটছে অনিশ্চিয়তায়। তিনি বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। শাসকগোষ্ঠীর চাপ যত দিন অব্যাহত থাকবে তত দিন পার্বত্য চুক্তির বাস্তবায়ন হবে না।
জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র সন্তু লারমা বলেন, পাকিস্তান আমল থেকে পাহাড়ে অনুপ্রবেশ ঘটছে। এটি এখনো অব্যাহত রয়েছে। ১৯৪৭ সালে পাহাড়ে অ-উপজাতি মানুষের সংখ্যা ছিল দেড় থেকে আড়াই শতাংশ। এখন তা ৫০ শতাংশ।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটির বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা, ইউএনডিপির প্রতিনিধি ঝুমা দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমুখ।