চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কর্তৃপক্ষের সমন্বয়হীনতা কারণ!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত রোববারের সংঘর্ষের জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দায়িত্বশীল পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতায় এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা। পুলিশ সক্রিয় থাকলে প্রাণহানির ঘটনা এড়ানো যেত বলে জানান তাঁরা। ওই দিন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলেও পরে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রশিবিরের এক নেতা খুন হন ও আহত হন অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিলেট নগরে গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদের হাত ও দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা রোববার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে ছাত্রলীগের উত্তেজিত নেতা-কর্মীরা কয়েক দফা শাহ আমানত আবাসিক হলে প্রবেশ করার চেষ্টা করলেও প্রথম দিকে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশ হলে তল্লাশি চালিয়ে শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা আমানত হলের মূল ফটক দিয়ে প্রবেশ না করে পশ্চিম পাশের দেয়াল টপকে হলে প্রবেশ করেন। অন্যদিকে বিভিন্ন ছাত্রাবাস থেকে জড়ো হয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হলের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। উভয় পক্ষ হলের ভেতর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলাকালে কোনো পুলিশ সদস্যকে হলের ভেতর প্রবেশ করতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ঘটনাস্থলে উপস্থিত অনেকেই। অথচ এ সময় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল র্যাব।
বিশ্ববিদ্যালয়ের একাধিক দায়িত্বশীল শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পুলিশ যদি সক্রিয় থাকত ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও আন্তরিক হলে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। ভবিষ্যতে প্রশাসনকে এ ধরনের ঘটনা এড়াতে আরও বেশি সতর্ক থাকতে হবে।
এ ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের (ভারপ্রাপ্ত) মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে ঘটনাস্থলে থাকা সহকারী প্রক্টররা ত্বরিত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা পুলিশ সদস্যদের বারবার হলের ভেতর প্রবেশ করতে অনুরোধ করেন।
তবে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। গুলির সামনে নিজেদের জীবন বিপন্ন জেনেও সংঘর্ষ থামানোর সর্বোচ্চ চেষ্টা করে পুলিশ। এর পরও কেউ যদি অভিযোগ করে, তাহলে বলার কিছুই নেই।’
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘আগের ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেবে, এটা তাদের নিজস্ব ব্যাপার।’ অন্যদিকে সংঘর্ষের সময় র্যাবের সদস্যরা ঘটনাস্থলে না এসে রেলস্টেশনে অবস্থান করার ব্যাপারে তিনি বলেন, ‘র্যাবের সদস্যদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ঘটনায় আসার জন্য লিখিতভাবে আহ্বান জানাতে হয়। কিন্তু আমরা তো ওটা জানতাম না।’