আইনশৃঙ্খলা রক্ষায় বাইসাইকেল মুঠোফোন
গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২০ জন গ্রামপুলিশ ও দফাদারকে একটি করে বাইসাইকেল ও মুঠোফোন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ ও সাংসদ মাহাবুব আরা বেগম আনুষ্ঠানিকভাবে ওই সব উপকরণ বিতরণ করেন।
এ সময় তাঁদের হাতে গাইবান্ধা জেলা পুলিশ ও সাতটি থানার সব পুলিশ কর্মকর্তার মুঠোফোন ও টেলিফোন নম্বরের একটি তালিকাও দেওয়া হয়।
গ্রামপুলিশের পাশাপাশি ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং সচিবদেরও একটি করে মুঠোফোন দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক এহছানে এলাহী, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ঘাগোয়া ও বল্লমঝাড় ইউপির চেয়ারম্যান আমিনুর জামান, এমারুল ইসলাম প্রমুখ।