আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী বিভাগে সেরা জয়পুরহাট
আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের ক্ষেত্রে জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা হয়েছে। এরই স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশ-প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, অবৈধ মোটরসাইকেল আটক, মামলার মাধ্যমে সরকারি রাজস্ব আদায়, হত্যা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং ব্র্যাক ব্যাংকের চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অসামান্য অবদান রেখেছে পুলিশ।
এসব বিবেচনায় জয়পুরহাট জেলাকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া জেলার পুলিশ সার্জেন্ট মাহবুবুল আলম রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট হিসেবে পুরস্কার পেয়েছেন।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রথম আলোকে জানান, গত সোমবার রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার তাঁর হাতে ওই সনদপত্র তুলে দেন।
আবু কালাম সিদ্দিক বলেন, বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলার আটজন পুলিশ কর্মকর্তা ও ছয়জন কনস্টেবলকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, জয়পুরহাট সদরের জ্যেষ্ঠ পুলিশ সুপার মুহাম্মদ খালেদুজ্জামান, পরিদর্শক (ডিবি) মাহফুজুর রহমান, সদর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাসার, পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান, ডিবির এসআই আবদুর রহিম, পাঁচবিবি থানার এসআই জাহিদুল ইসলাম ও এসআই মোজাম্মেল হোসেন।
ছয়জন কনস্টেবল হলেন, শাহীন রেজা (এসপির কার্যালয়), বায়েজিদ (সদর থানা) এবং ডিবির সেলিম হোসেন, জাফরুল ইসলাম, জাকির হোসেন ও বজলুর রহমান।