আইনশৃঙ্খলা সভার ‘কাগুজে’ সিদ্ধান্ত
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন গত এক বছরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্তত ২০টি সমস্যার একটিও বাস্তবায়ন করেনি বলে অভিযোগ উঠেছে। কমিটির সদস্যদের অভিযোগ, সভার সিদ্ধান্ত সবই ‘কাগুজে’।গত ২৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির সদস্য ও রায়কালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি মাসেই আইনশৃঙ্খলা কমিটির সভা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু সভার সিদ্ধান্তগুলো আলোর মুখ দেখছে না। কাগুজে সভা করে লাভ কী?’আইনশৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত কার্যকর হয় না। তাই এখন আর সভায় আইনশৃঙ্খলা বিষয়ে কোনো কথা বলি না।’উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই কমিটির সভাপতি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমিটির সদস্যসচিব। প্রতি মাসেই নিয়মিতভাবে কমিটির সভা অনুষ্ঠিত হয়ে আসছে। মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার আগেই কমিটির সভাপতি ইউএনও চিঠি দিয়ে সদস্যদের অবহিত করেন।কমিটির সদস্যদের অভিযোগ, গত এক বছরে (২০১২ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা কমিটির ১২টি মাসিক সভায় আইনশৃঙ্খলাবিষয়ক অন্তত ২০টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে সভায় সিদ্ধান্ত নিয়ে তা রেজুলেশন বইয়ে লিপিবদ্ধ করা হয়। কিন্তু এখন পর্যন্ত একটি সিদ্ধান্তও কার্যকর করা হয়নি। তাই অনেক সদস্যই আইনশৃঙ্খলা সভায় কথা বলতে অনীহা দেখান। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসচিব থানার ওসি শহিদার রহমান বলেন, ‘পুলিশ পারে না এমন কাজ নেই। কিন্তু তদবিরের কারণে অনেক ক্ষেত্রে পুলিশকে পিছপা হতে হয়।’ কমিটির সভাপতি ইউএনও সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না—এমন ঢালাও অভিযোগ সঠিক নয়।’