আইনশৃঙ্খলা সভায় জনপ্রতিনিধিদের অসন্তোষ
পঞ্চগড়ে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকারি দলের সাংসদসহ জনপ্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেছেন। গরু ও মাদক চোরাচালান, জুয়াসহ সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান। গতকাল বুধবার পঞ্চগড়ের জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায় সাংসদ এ নির্দেশ দেন। সভায় জনপ্রতিনিধিরা পুলিশের নানা বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করেন। সাংসদ পুলিশকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় আরও সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। সভায় দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘এক সন্ত্রাসী দেলওয়ারের নাম আড়াই বছর ধরে শুনে আসছি। তাকে পুলিশ খুঁজে পায় না।’ একজন চিহ্নিত সন্ত্রাসীকে ধরতে পুলিশের গড়িমসি কেন, এ প্রশ্ন রেখে সাংসদ মজাহারুল হক প্রধান বলেন, ‘শর্ষের মধ্যে ভূত থাকলে কী করে ভূত তাড়াবেন। তাই সবার আগে ভূত তাড়ানোর ব্যবস্থা নিন।’ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদত বলেন, জেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসলেও প্রশাসন নির্বিকার। সভায় এএসপি সার্কেল আবদুল হালিম বলেন, এসব অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে পুলিশ সুপারকে জানানো হবে। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এএসপি সার্কেল আবদুল হালিম, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তোহিদুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, চেম্বার সভাপতি ইকবাল কায়সার, আবু তোয়াবুর রহমান, এ টি এম সারোয়ার, শিবেন রায়, আবদুল মজিদ প্রমুখ।