আইনশৃঙ্খলার অবনতি, আতঙ্কে এলাকাবাসী
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে খুন, ডাকাতি, চাঁদাবাজি, লুট ও সংঘর্ষ নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ছয় মাসে ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ছাড়াও এক বছরে বেশ কয়েকটি ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ অবস্থায় ইউনিয়নবাসীর দিন কাটছে আতঙ্কে।
উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার। তবে ইউনিয়নটির বড় অংশ যমুনার চরাঞ্চল। ১৫ বছরে এ ইউনিয়নের অনেক অংশ যমুনায় বিলীন হওয়ায় অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে বিভিন্ন স্থানে বসবাস করছেন।
এলাকার অনেকে জানান, ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এ ইউনিয়নে তিনজন খুন হয়েছেন। ২২ ডিসেম্বর জমিজমাসংক্রান্ত বিরোধে পেঁচাকোলা গ্রামের আলমগীর হোসেন (৪৮) খুন হন। ৩ মার্চ মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে নিহত হন মানিকনগর গ্রামের সাখাওয়াত হোসেন (২৫)। ৩০ জুন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হন আনোয়ারা কাদের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী (৪৫)। এ ইউনিয়নে মোকাদ্দেসের খুনের ঘটনা ছাড়াও আরেকটি আলোচিত খুনের ঘটনা ঘটে ২০১২ সালের ১৬ অক্টোবর। ওই দিন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে হামলা চালিয়ে হাটুরিয়া গ্রামের লোকজন খুন করেন জগন্নাথপুর গ্রামের মতিয়ার (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রকে।
এদিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে ডাকাতি। সবচেয়ে বড় ডাকাতির ঘটনা ঘটে ২ মার্চ নাকালিয়া বাজারে। ওই দিন গভীর রাতে বাজারের পাঁচটি সোনার দোকানে ডাকাতেরা হামলা চালিয়ে ২০০ ভরি সোনাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া, গত এক বছরে নাকালিয়া গ্রামে একের পর এক ডাকাতি হওয়ায় গ্রামের হিন্দুপাড়ায় এখনো লোকজন রাতভর পাহারা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাকালিয়া গ্রামের এক বৃদ্ধ জানান, ডাকাতি বন্ধের দাবিতে এলাকার লোকজন থানায় অভিযোগ দিয়েছেন। কিছুদিন হলো পুলিশ এলাকায় টহল দিলেও কারও মন থেকে ডাকাত আতঙ্ক কাটছে না।
নাকালিয়া বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক তিন-চারজন ব্যবসায়ী জানান, চিহ্নিত দুর্বৃত্তরা বাজারের কিছু ব্যবসায়ীসহ পাশের গ্রামের অনেকের কাছ থেকে চাঁদা আদায় করছে। ভুক্তভোগীরা গোপনে চাঁদা দিলেও সন্ত্রাসীদের ভয়ে তা প্রকাশ করছেন না।
নিহত মোকাদ্দেসের ভাই সাত্তার মোল্লা বলেন, ‘কিছুদিন আগে কয়েকটি দোকানে ও একটি হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠানে চিহ্নিত দুর্বৃত্তরা চাঁদা দাবি করলে আমার ভাই লোকজন নিয়ে এর প্রতিবাদ জানান। চাঁদাবাজিসহ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দুর্বৃত্তরা আমার ভাইকে খুন করে।’
এ ছাড়া, গত তিন বছরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জন্য হাটুরিয়া বাজারের অর্ধশতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। গত কয়েক মাসে সংঘটিত হত্যাকাণ্ডসহ সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত পুলিশি টহল চলছে।