আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি পদত্যাগের প্রশ্নই ওঠে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি; তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী দলের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। গতকাল রোববার কোস্টগার্ডের (উপকূল রক্ষীবাহিনী) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাহারা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও কোস্টগার্ডের মহাপরিচালক কমডোর এ এস এম আবেদীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে ইতিমধ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। মন্ত্রী বিশাল উপকূলীয় এলাকা, সমুদ্রসীমা পাহারা, চোরাচালানবিরোধী অভিযান, জাটকা নিধন বিরোধী অভিযানসহ বিভিন্ন কর্মকাণ্ডে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেন।