আইনশৃঙ্খলার অবনতি হলে মানবাধিকার হুমকিতে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

একটি রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেই রাষ্ট্রের মানবাধিকার হুমকির মুখে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি মনে করেন, সম্প্রতি অপহরণ ও হত্যাকাণ্ড এই অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিজানুর রহমান এসব কথা বলেন। অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ‘ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) অ্যান্ড রাইটস অব দি ইনডিজিনাস পিপলস: বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন একটি সুপারিশমূলক প্রতিষ্ঠান। তাই কমিশন থেকে একটি আধা সরকারি পত্রের মাধ্যমে রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে দু-একটি কার্যকর হয়েছে। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট সুপারিশ করা হবে এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু নির্দেশাবলি প্রদান করা হবে।
অ্যাকশনএইডের আবাসিক পরিচালক ফারাহ কবিরের সঞ্চালনায় গোলটেবিলে মিজানুর রহমান বলেন, ‘ভূমি কমিশন’ অংশ বাস্তবায়ন না করে পার্বত্য চুক্তির অধিকাংশ বাস্তবায়িত হয়েছে বলে রাষ্ট্র বিশ্ববাসীর কাছে যে দাবি করছে, তা দিয়ে দেশের মানুষ, বিশেষ করে আদিবাসী সমাজকে বোকা বানানো সম্ভব নয়।
গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশনএইডের ব্যবস্থাপক সৌভাগ্য মঙ্গল চাকমা।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশে গিয়ে বাংলাদেশে কোনো আদিবাসী নেই বলে দাবি করেছেন। অথচ আমাদের সঙ্গে আলোচনায় বসে আদিবাসীদের অধিকার রক্ষায় আশ্বাস দিয়েছিলেন।’
জাতীয় আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সরেন আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান। কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার তার গত মেয়াদে কোনো পদক্ষেপ নেয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বাংলাদেশের আদিবাসীরা সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত। কিন্তু দেশের সংবিধানেই তাদের অবহেলা করা হয়েছে। গোলটেবিলে উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন দুই সাংসদ ফজলে হোসেন বাদশা ও কাজী রোজী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।