আইনশৃঙ্খলার সভায় বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিযবুত তাহ্রীরের কর্মী অভিযোগে গ্রেপ্তার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ আদেলকে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনা খতিয়ে দেখা। গত মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির সদস্য কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক এবং আরেক সদস্য জিএম সিকান্দর তদন্ত দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত ১৫ জুলাই কুমিল্লা জেলা জজ আদালতে আদেলের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সৈয়দ আবদুল্লাহ পিন্টু। এ সময় আদেল ‘ছাত্রলীগের সদস্য’, ‘তাঁর স্বভাব চরিত্র ভালো’—এমন প্রত্যয়নসহ বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র আদালতে দাখিল করা হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে আদেলকে দুই মাসের জামিন দেন। আদেল গত ৩০ এপ্রিল কুমিল্লায় হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিতরণের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন।উপজেলা ছাত্রলীগের সভাপতি বকতিয়ার হোসেন তাঁর পক্ষে প্রত্যয়নপত্রে আদেলকে ‘ছাত্রলীগের সক্রিয় সদস্য’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তাঁর প্রত্যয়নপত্রে আদেলকে ‘আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগ সমর্থক’, উপজেলা চেয়ারম্যান হাফিজ আহম্মেদের প্রত্যয়নপত্রে আদেলের ‘স্বভাব চরিত্র ভালো’ বলে উল্লেখ করা হয়। এ ছাড়া একই দিন পৌর মেয়র বাহাদুরুজ্জামান তাঁকে নাগরিকত্ব সনদ দেন। কুমিল্লার পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আদেলকে কেন তারা একসঙ্গে প্রত্যয়নপত্র দিল, এসবি পুলিশ (পুলিশের বিশেষ শাখা) তা খতিয়ে দেখবে।’এদিকে মঙ্গলবারের সভায় বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হাফিজ আহম্মেদ কমিটিকে জানান, তিনি যে প্রত্যয়নপত্র দিয়েছেন, তা হিযবুত তাহ্রীর কর্মীকে মুক্তি বা মামলার সুবিধার জন্য নয়। ওই কর্মীর এক নিকট আত্মীয় চাকরির কথা বলে ওই সনদ নেন। এ-সংক্রান্ত খবরে তাঁর নাম জড়ানোরও প্রতিবাদ করেন তিনি।